নির্বাচন ঘিরে বিভক্ত বিএনপিতে ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মঞ্চে বিএনপির প্রার্থী শাহ্ মোহাম্মদ আবু জাফর, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম ও কেন্দ্রীয় ওলামা দলের নেতা শরীফুল ইসলাম। বোয়ালমারীর ছোলনা মহল্লায়।  প্রথম আলো
এক মঞ্চে বিএনপির প্রার্থী শাহ্ মোহাম্মদ আবু জাফর, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম ও কেন্দ্রীয় ওলামা দলের নেতা শরীফুল ইসলাম। বোয়ালমারীর ছোলনা মহল্লায়। প্রথম আলো

নির্বাচন সামনে রেখে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) দ্বিধাবিভক্ত বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম ও কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম গতকাল রোববার এক মঞ্চে উঠেছেন।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বোয়ালমারী পৌরসভার ছোলনা মহল্লায় বিএনপি নেতা কাজী মিজানুর রহমানের বাড়িতে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলা শাখা। সেখানে ওই তিন নেতা অংশ নেন। তাঁরা তিনজনই ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে শাহ মোহাম্মদ আবু জাফরকেই চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি।
গতকালের সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির প্রার্থী শাহ মো. আবু জাফর। প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।
শাহ জাফর বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই। দলের নেত্রী কারাগারে। এ জন্য আগামী সংসদ নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময় জাতীয়তাবাদী শক্তির মধ্যে ভেদাভেদ করার কোনো সুযোগ নেই। আমরা ঐক্যবদ্ধ হলে বিজয় সুনিশ্চিত।’
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘দেশনেত্রীকে কারাগার থেকে বের করে আনতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে হবে। এ জন্য আগামী নির্বাচনে বিএনপিকে জিততে হবে। আমরা এক থাকলে বিজয় সহজসাধ্য হবে।’
সভাপতির বক্তব্যে শরীফুল ইসলাম বলেন, ‘বিএনপি জাতীয়তাবাদী চেতনার ধারক ও বাহক। এ অবস্থায় আমাদের দায়িত্বও অনেক। দেশের মানুষ আজ নির্যাতিত হচ্ছে গণতন্ত্রহীনতার কারণে। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই আমাদের ভুল করার কোনো অবকাশ নেই।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুবুর রশীদ হেলাল প্রমুখ।
সভা শেষে তিন নেতা একে অপরের হাত ধরে উঁচু করে জনতার উদ্দেশে তাঁদের ঐক্য তুলে ধরেন। এ সময় তাঁদের করতালি দিয়ে স্বাগত জানানো হয়।