নির্বাচন ঘিরে ব্যস্ততা বেড়েছে ছাপাখানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের পোস্টার ছাপাতে এখন ব্যস্ত সময় পার করছেন ছাপাখানার কর্মীরা। গত শুক্রবার বিকেলে খুলনার স্যার ইকবাল সড়কের আরাফাত গলির একটি ছাপাখানা থেকে তোলা ছবি l প্রথম আলো
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের পোস্টার ছাপাতে এখন ব্যস্ত সময় পার করছেন ছাপাখানার কর্মীরা। গত শুক্রবার বিকেলে খুলনার স্যার ইকবাল সড়কের আরাফাত গলির একটি ছাপাখানা থেকে তোলা ছবি l প্রথম আলো

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে খুলনা জেলার প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত। প্রার্থীরা তাঁদের ছবি ও প্রতীক-সংবলিত পোস্টার, ব্যানার আর ফেস্টুন টাঙাচ্ছেন জেলাজুড়ে। আর প্রার্থীদের প্রচারণার সরঞ্জাম ছাপাতে ব্যস্ততার ধুম পড়েছে ছাপাখানাগুলোতে।
২২ মার্চ প্রথম ধাপের ৭৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে খুলনার নয়টি উপজেলায় ৬৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। জেলায় মোট ৩১৩ জন চেয়ারম্যান, ২ হাজার ৬৩০ জন সাধারণ ওয়ার্ডের প্রার্থী ও ৭৭৮ জন নারী প্রার্থী সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার ছাপাখানার মালিক ও কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় দলীয় প্রার্থীরা আগে থেকেই বেশির ভাগ প্রচারসামগ্রী প্রস্তুত করে রেখেছিলেন। এখন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত আসনের প্রার্থীরা প্রতীক পাওয়ার পর ব্যস্ত হয়ে পড়েছেন নির্বাচনী প্রচারসামগ্রী প্রস্তুতিতে। ৩ মার্চ নির্বাচন কমিশন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে ব্যস্ততা বেড়েছে তাঁদের। প্রতীক বরাদ্দের সময় থেকে নির্বাচনের দিন পর্যন্ত সময় মাত্র ১৮ দিন হওয়ায় সব প্রার্থী একবারে ভিড় জমিয়েছেন ছাপাখানাগুলোতে।
খুলনার ফ্রেন্ডস প্রিন্টার্সের মালিক মিজানুর রহমান মোড়ল গতকাল বলেন, খুলনার পাশাপাশি সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, নড়াইলের প্রার্থীরা তাঁদের কাছে পোস্টার ও লিফলেট বানাতে আসছেন। এগুলো তৈরি করতে দিন-রাত কাজ করছেন মুদ্রণশ্রমিকেরা। তাঁর কারখানায় ৩২ জন নিয়মিত শ্রমিকের পাশাপাশি বাড়তি শ্রমিক আনা হয়েছে। তারপরও অর্ডার শেষ করা যাচ্ছে না।
স্মৃতি কম্পিউটার অ্যান্ড প্রিন্টার্স কারখানার শ্রমিক শাকিল বলেন, চার-পাঁচ দিন ধরে কাজের ব্যাপক চাপ বেড়েছে। রাতেও কারখানাতেই থাকছেন তাঁরা। আরও কয়েক দিন এ রকম চাপ থাকবে বলে মনে করেন তিনি।
ছাপাখানার মালিকেরা বলেন, আরও কয়েক দিন তাঁদের হাতে কাজ আসবে। ফলে তাঁরা সে ধরনের প্রস্তুতি নিয়েছেন। নির্বাচন উপলক্ষে মুদ্রণ কারখানায় শ্রমিকসংখ্যা বাড়ানো হয়েছে। তবে খুলনায় মাত্র তিনটি ডিজিটাল প্লেট তৈরির প্রতিষ্ঠান থাকায় তাঁদের কাজের গতি শ্লথ হয়ে যাচ্ছে।
খুলনা জেলা ছাপাখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়ালিদ হোসেন প্রথম আলোকে বলেন, খুলনা নগরে বড় প্রেসের সংখ্যা ২৭ হলেও ডিজিটাল প্লেট তৈরি হয় মাত্র তিন জায়গায়। প্রচণ্ড চাপে তাঁরা ঠিকমতো প্লেট সরবরাহ করতে না পারায় ঢাকা থেকেও প্লেট বানাতে হচ্ছে। এ জন্য চাপটাও পড়েছে অনেক বেশি।
এদিকে ছাপাখানাগুলোতে ব্যস্ততা বাড়ায় সঠিক সময়ে ব্যানার, পোস্টার না পাওয়ায় বিপাকে পড়েছেন প্রার্থীরা। অনেক প্রার্থী পোস্টার অস্পষ্ট হবে জেনেও তাড়াতাড়ি পোস্টার পাওয়ার জন্য ট্রেসিং প্লেটে কাজ করিয়ে নিচ্ছেন।
সুতারখালী ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থী সুলতা সরদার বলেন, ‘৩ মার্চ আমাকে মাইক মার্কা প্রতীক দেওয়া হয়। প্রতীক পেয়ে সঙ্গে সঙ্গে বিভিন্ন সাইজের তিন হাজার পোস্টারের অর্ডার দিই। কিন্তু এখন পর্যন্ত কোনো পোস্টার হাতে পাইনি।’
বাগেরহাট থেকে পোস্টার তৈরি করে আসা প্রার্থী সাত্তার গাজী বলেন, হাতে সময় কম। এদিকে ডিজিটাল প্লেটে কাজ করানো যাচ্ছে না। তাই বাধ্য হয়ে ট্রেসিং প্লেটে কাজ করাচ্ছেন।
দাকোপের লাউডোব ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ যুবরাজ বলেন, ‘১৫ হাজার পোস্টার ও ২০ হাজার লিফলেট ছাপাতে দিয়েছি। এর মধ্যে পাঁচ হাজার পোস্টার হাতে পেয়েছি, কিন্তু কোনো লিফলেট এখনো পাইনি।’
তবে কোহিনূর প্রিন্টিং প্রেসের মালিক কলিমুর রহমান বলেন, খুলনা মাত্র দুটি পৌরসভা ছিল। তাই পৌর নির্বাচনে ব্যবসা তেমন হয়নি। ঝিমিয়ে পড়া ছাপা ব্যবসা এ নির্বাচনকে ঘিরে জমজমাট হয়েছে। তাই তাঁরা সবাই দিন-রাত কাজ করে প্রার্থীদের প্রচার সরঞ্জাম পৌঁছে দিতে সাধ্যমতো চেষ্টা করছেন।