নির্বাচন চলাকালে রিটার্নিং কর্মকর্তা বদলি!
ঢাকার দোহার পৌরসভা নির্বাচন চলাকালে ওই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এমন ঘটনাকে নির্বাচন কমিশন অভিনব ও অদ্ভুত বলে মন্তব্য করেছে। ২৫ মে দোহার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের কাজ শেষ হয়েছে। এখন প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে। জানা গেছে, আজকালের মধ্যে বদলি হওয়া রিটার্নিং কর্মকর্তা ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নতুন কর্মস্থলে যোগ দেবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এ ব্যাপারে তাদের কোনো মতামত জানতে চাওয়া পর্যন্ত হয়নি। বদলির বিষয়টি তারা শুনেছে, তবে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে কিছু জানানো হয়নি। কমিশন সচিবালয়ের কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী সচিব (স্থানীয় সরকার নির্বাচন) ফরহাদ হোসেন বলেন, নির্বাচন চলাকালে রিটার্নিং কর্মকর্তাকে বদলি করার কোনো আইনি সুযোগ নেই। বদলি করা হলেও তাঁকে নির্বাচন পর্যন্ত সেখানে রাখতে হবে। তিনি বলেছেন, তাঁরা বিষয়টির খোঁজ নিচ্ছেন।জানা গেছে, পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইউএনওকে বদলি করা হয়েছে। ১২ মে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক নির্বাহী আদেশে দোহার উপজেলা থেকে তাঁকে বদলি করা হয়। অথচ রিটার্নিং কর্মকর্তা নিয়ে কোনো প্রার্থী অভিযোগ করেননি। রিটার্নিং কর্মকর্তাকে সরিয়ে অন্য কাউকে দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল নির্বাচন কমিশনের। রিটার্নিং কর্মকর্তা মো. আল আমিন বলেন, সরকারি চাকরিতে বদলি একটি রুটিন কাজ। তবে দায়িত্বরত অবস্থায় কেন বদলি করেছে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো জানে। এ ঘটনায় প্রার্থী ও এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মেয়র পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি বলেন, দোহার নির্বাচনের চলমান প্রক্রিয়ার মধ্যে তাঁকে বদলি করাটা ঠিক হয়নি। এতে নির্বাচনের কর্মকাণ্ডে অস্বচ্ছতা আসতে পারে। আরেক মেয়র পদপ্রার্থী ও আওয়ামী লীগের উপজেলা সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘দেশে তো সৎ লোকের জায়গা নেই।