নির্বাচন ছাড়াই সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঠনতন্ত্র উপেক্ষা করে নির্বাচন ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়। ১৩ সদস্যের ওই কমিটির ১১ জন অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে গত বুধবার শপথ নিয়েছেন।পুরোনো কার্যনির্বাহী কমিটির সভাপতি সামিউল ইসলাম প্রথম আলোকে বলেন, জোর করে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন দখল করা হলো। পুরোনো কমিটির সাধারণ সম্পাদক তহরুল ইসলাম বলেন, এ ঘটনা চর দখলের মতোই। তিনি আরও বলেন, নতুন কমিটিতে তাঁকে কাস্টমস ও বন্দর সম্পাদক হিসেবে রাখা হয়েছে। তিনি শপথ নেননি। নতুন কমিটির সভাপতি শরিফুল ইসলাম বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের সমর্থন নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৩ জনের এ কমিটির জন্য প্রতিমন্ত্রীর সম্মতিস্বাক্ষর রয়েছে। এ ছাড়া অ্যাসোসিয়েশনের সদস্য নয়, এমন একজনকে এ কমিটিতে নির্বাহী সদস্য করা হয়েছে।শরিফুল ইসলাম আরও বলেন, ‘আমরা কোনো নির্বাচিত কমিটিকে হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করিনি। আমাদের আগের নির্বাচিত কমিটিও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক ও সদর আসনের সাংসদ আবদুল ওদুদের সমর্থনে গত বছরের নভেম্বরে হটিয়ে দেওয়া হয়। আমি নিজেই ওই নির্বাচিত কমিটির সভাপতি ছিলাম। তখন বলা হয়েছিল, বন্দরের ব্যবসা-বাণিজ্যের স্বার্থে পরিবর্তন আনা হয়েছে, আমরা তা মেনে নিয়েছিলাম।’যোগাযোগ করলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।