নির্বাচন ঠেকাতে পাঁচ জেলায় হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, কুমিল্লা, সিরাজগঞ্জে ও দিনাজপুরের বিরামপুরে আগামীকাল শনিবার ভোর ছয়টা থেকে টানা ৪৮ ঘণ্টার এবং খুলনায় ৩৬ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে। পাশাপাশি মানিকগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা, ফরিদপুর ও মেহেরপুরে কাল সকাল-সন্ধ্যা এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাল আধাবেলা হরতাল ডাকা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখার প্রতিবাদে এবং দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে ও ১৮-দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে এসব হরতালের ডাক দেওয়া হয়। 

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

খুলনা: ১৮ দলের সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে খুলনায় আগামীকাল সকাল ছয়টা থেকে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

রাজশাহী: সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হরতাল ডাকা হয়। রাজশাহী মহানগর ও জেলা বিএনপির একাংশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে ৫ জানুয়ারির নির্বাচন বাতিলের দাবি ও খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, পুলিশ হত্যা মামলায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের আসামি করা এবং তাঁদের গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকারকে উত্খাত করতে রাজশাহীতে প্রবল আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কুমিল্লা: আজ শুক্রবার বেলা ১১টায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি শেষে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া এই হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

সিরাজগঞ্জ: জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. হারুন আর রশিদ জানান, হরতালের সমর্থনে আজ সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় ১৮ দলের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান দুই দিনের হরতাল পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। জেলাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন ও ক্ষমতাসীনদের একতরফা নির্বাচনে ভোটকেন্দ্রে না গিয়ে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

মানিকগঞ্জ: জেলার একমাত্র নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-১ আসনের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আজ দলের পক্ষ থেকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোজাম্মেল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় এ আসন দুটিতে নির্বাচন হচ্ছে না।

ফরিদপুর: বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান এ হরতালের ঘোষণা দেন। আগামীকাল ফরিদপুরের নয়টি উপজেলাতেই সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় ফরিদপুর সদরের কানাইপুর থেকে পুলিশ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল্লাহ সরদারকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, বিস্ফোরক ও ভাঙচুরের অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলাসহ তিনটি মামলা করা হয়েছে। 


মেহেরপুর: আজ বিকেলে জেলা বিএনপির মুখপাত্র দলের সাবেক সাংসদ ও সভাপতি মাসুদ অরুণ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেন।

মাসুদ অরুণ মুঠোফোনে বলেন, অবৈধ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার পুলিশ ও ছাত্রলীগ ক্যাডার দিয়ে যেমন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে, তেমনি ১৮-দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হামলা করে তাঁদের ঘরছাড়া করছে। এরই প্রতিবাদে মেহেরপুরে কাল সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে এই হরতালের মেয়াদ বাড়ানো হতে পারে বলে তিনি জানান।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া): খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন এবং কসবার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামীকাল অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি আনিসুল হক নির্বাচিত হয়েছেন। এ কারণে আগামী ৫ জানুয়ারি এ এলাকায় কোনো নির্বাচন হচ্ছে না। 

বিরামপুর (দিনাজপুর): বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে, ৫ জানুয়ারির নির্বাচনের তফসিল পরিবর্তন ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে  বিরামপুরে আগামীকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে বিরামপুর উপজেলা ১৮-দলীয় জোট।