নির্বাচন তামাশার হলে অংশগ্রহণ কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে হতাশার মধ্যে আছে। আর এ জন্য নেতা-কর্মীদের চাঙা রাখতে বিভিন্ন কথা বলছে এবং কৌশল নিচ্ছে। নির্বাচনের আগে ও পরে নির্বাচনকে প্রহসনের, তামাশার, কারচুপির ও জালিয়াতির কথা বলা বিএনপির একটি পুরোনো ব্যাপার।

যোগাযোগমন্ত্রী আরও বলেন, গাজীপুর সিটি নির্বাচনের দিন দুপুরেও বিএনপি এ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছিল। কিন্তু নির্বাচনে তাদের প্রার্থীই জয়ী হয়েছে। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপিকে স্বাগত জানিয়ে তাদের ঘোষিত তামাশার নির্বাচনে কেন অংশ নিচ্ছে, এমন প্রশ্নও তোলেন তিনি।

আজ মঙ্গলবার গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ দখলে থাকা বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারের ১০০ দিনের কর্মসূচির মধ্যে প্রথমেই রয়েছে দেশের সড়ক-মহাসড়কসমূহ মেরামত করা এবং যানবাহন চলাচলের উপযোগী করা। ১০০ দিনের কর্মসূচির মধ্যে আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ নয়, উদ্ধার করছি। জনগণকে স্বস্তি দেওয়ার জন্য উদ্ধার অভিযান চলছে। প্রথমে রাজধানীর আশপাশের ঢাকার প্রবেশ পথসমূহ থেকে উদ্ধার অভিযান চলছে।’


মন্ত্রী আরও বলেন, বর্ষার আগেই মহাসড়কগুলোকে সম্পূর্ণভাবে যান চলাচলের উপযোগী করে তোলা হবে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা হতে মাওনা পর্যন্ত সড়কটি মামলার কারণে চার লেনের কাজ বন্ধ ছিল। বর্তমানে সেনাবাহিনীর সহযোগিতায় এ সড়কের কাজ চলছে। এ কাজ চলাকালে সড়কটি যেন যান চলাচলের উপযোগী থাকে, এজন্য তিনি সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন।


রাজনীতি ভিন্ন ভিন্ন কিন্তু উন্নয়ন সবার
এর আগে যোগাযোগমন্ত্রী টঙ্গীর চেরাগ আলী বাসস্ট্যান্ডে মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা ও সড়কের দুপাশে ময়লা আবর্জনার স্তূপ দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে তিনি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের সঙ্গে মোবাইলে কথা বলেন। তিনি মেয়রকে বলেন, রাজনীতি ভিন্ন ভিন্ন, কিন্তু উন্নয়ন সবার। উন্নয়নের স্বার্থে জনগণের দুর্ভোগ লাঘবে এবং যানজটসহ নানা বিষয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ কাজে মেয়র মন্ত্রীকে সহযোগিতার আশ্বাস দেন বলে মন্ত্রী জানান। এ সময় যোগাযোগমন্ত্রী নিজে দুটি বাসের কাগজপত্র পরীক্ষা করেন। বাস দুটির প্রয়োজনীয় কাগজপত্র ও চলাচল অনুপযোগী থাকায় তার ডাম্পিং করার জন্য পুলিশকে নির্দেশ দেন। পরে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, চার লেন প্রকল্পের কাজে দায়িত্বরত প্রকল্প পরিচালক সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসিন, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক, উপবিভাগীয় প্রকৌশলী আমির হোসেন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।