দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, প্রধান বিরোধী দল ছাড়া অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নির্বাচনের দরুন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার ক্ষেত্রে জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
গতকাল মঙ্গলবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি রাজনৈতিক সহিংসতার বিরোধিতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অবিলম্বে এগুলোর অবসান হওয়া উচিত।
মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান সিনেটর রবার্ট মেনেনদেজের সভাপতিত্বে ‘বাংলাদেশে গণতান্ত্রিক সমঝোতা ও শ্রমিক অধিকারের সমঝোতা’ শীর্ষক এ শুনানি হয়। দুটি প্যানেলে অনুষ্ঠিত প্রথম প্যানেলে বক্তৃতা করেন নিশা দেশাই। ওই প্যানেলে আরও বক্তৃতা করেন মার্কিন শ্রম দপ্তরের আন্তর্জাতিক শ্রমবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহযোগী আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল ও শ্রমবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি লুইস কারেশ। বক্তৃতায় তিন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাই বলেন, যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পুনর্বহাল ও তৈরি পোশাক কারখানার শ্রমমানের উন্নয়নে বাংলাদেশকে আরও পদক্ষেপ নিতে হবে।
অন্য প্যানেলে বক্তৃতা করেন ওয়াশিংটনভিত্তিক ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেইফটির’ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এলেন টশার, ওয়ার্কার রাইটস কনসোর্টিয়ামের স্কট নোভা এবং শ্রমিক সংগঠন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালক কল্পনা আকতার। প্যানেল আলোচকদের বক্তৃতার পর আলোচ্য বিষয়ে প্রশ্ন রাখেন কমিটির সদস্যরা।
নিশা দেশাই তাঁর বক্তব্যে বলেন, প্রধান রাজনৈতিক দলের একটিকে ছাড়া ৫ জানুয়ারির নির্বাচনটি অত্যন্ত ত্রুটিপূর্ণ হয়েছে। ৫ জানুয়ারির পরেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রচারিত বিবৃতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে জনমতের বিশ্বাসযোগ্য প্রতিফলন না ঘটায় নতুন নির্বাচনের জন্য যত শিগগির সম্ভব সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছি। বাংলাদেশকে কে নেতৃত্ব দেবে, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কারও পক্ষাবলম্বন করে না। এ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।’ তিনি মনে করেন, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পূরণের সুযোগ বাংলাদেশের এখনো রয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর সহিংসতার বিরোধিতা করার পাশাপাশি রাজনৈতিক নেতাদের উত্তেজনাকর বক্তৃতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানান।