রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী মো. হাবিবুর রহমান।
গতকাল মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
মো. হাবিবুর রহমান গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে তাঁর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার লিখিত অভিযোগ করেছিলেন।
গতকাল সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান দাবি করেন, তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন না, বিকল্প প্রার্থী ছিলেন। দলের স্বার্থে এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তিনি বলেন, ‘আমি বহিষ্কৃত হলেও আওয়ামী লীগেই আছি।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুর রহমান, চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, ‘যাঁরা দলের সিদ্ধান্ত মানেননি, তাঁদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি।’ যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সাংগঠনিকভাবে তা প্রত্যাহারের আশ্বাস দেন তিনি।