গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (এ) নেতা কাজী মাহমুদ হাসান ও ১৮-দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের নেতা মো. ফজলুর রহমান আজ সোমবার তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন। কাজী মাহমুদ হাসান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘দলীয় সিদ্ধান্তমতে আমি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (আজ) আমার মনোনয়ন প্রত্যাহার করে নেব। চার সিটি করপোরেশন নির্বাচনে মহাজোটের প্রার্থীদের ভরাডুবি হওয়ায় এবং নির্বাচনে মোটা অঙ্কের টাকা ব্যয় হওয়ার আশঙ্কায় আমার মনোনয়নপত্র প্রত্যাহার করছি।’ একই দিন মো. ফজলুর রহমানও তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মুফতি মো. নাসির উদ্দিন খান। তিনি বলেন, ‘গাজীপুরে ১৮ দলের শরিক দল বিএনপির মধ্যে বিভেদ থাকায় এবং তাদের প্রার্থীর সমর্থন দেওয়ার ব্যাপারে আমাদের কোনো মতামত না নেওয়ায় অভিমান করে আমরা ফজলুর রহমানকে প্রার্থী দিয়েছিলাম। কিন্তু বিএনপির মধ্যে ঐক্য ফিরে আসায় এবং আমাদের সঙ্গে সমন্বয় করায় আমরা ফজলুর রহমানের প্রার্থিতা প্রত্যাহার করছি।’