নির্বাচন থেকে সরে দাঁড়াতে কক্সবাজারের চকরিয়ায় বিএনপির মেয়র পদপ্রার্থী নুরুল ইসলাম হায়দার ‘নাটক’ করছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। বিএনপির প্রার্থীর পথসভায় হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত নয় বলেও দাবি করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে চকরিয়ার ভরামুহুরী এলাকার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বলেন, ২০১৪ সালে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনেও বিভিন্ন অজুহাত তুলে সরে দাঁড়িয়েছিল বিএনপি। এবারও তারা সেই পথ খুঁজছে। গত সোমবার সন্ধ্যায় বিএনপির নির্বাচনী পথসভায় হামলার সঙ্গে তাঁর কোনো নেতা-কর্মী-সমর্থক জড়িত নন। তিনি বলেন, ঘটনাটি তাদের (বিএনপি) নিজেদেরই সৃষ্টি। এর আগে বিএনপির প্রার্থীর স্ত্রী লাঞ্ছিত হয়েছেন বলেও অপপ্রচার চালানো হয়েছিল।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। তিনি বলেন, ‘বিএনপির মেয়র পদপ্রার্থী নুরুল ইসলাম হায়দার চকরিয়ার বিভিন্ন নাশকতার ঘটনার সঙ্গে জড়িত। এ কারণে পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দিয়েছে। আমরা চাই, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হোক এবং সেই নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি থাকুক।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহসভাপতি ফজলুল করিম, ছৈয়দ আলম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহসভাপতি ওয়ালিদ মিল্টন, আমিনুর রশিদ, মোজাফ্ফর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন প্রমুখ।
তবে আওয়ামী লীগের প্রার্থীর অভিযোগের বিষয়ে বিএনপির মেয়র পদপ্রার্থী নুরুল ইসলাম হায়দারের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগের প্রার্থী ভোটারদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। বিএনপি হামলা-মামলায় ভয় পায় না। যেকোনো কিছুর বিনিময়ে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন বিএনপির প্রার্থী।