কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে একজন মেয়র পদপ্রার্থী গতকাল মঙ্গলবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আজ বুধবার কুমিল্লায় আসছেন।মেয়র পদপ্রার্থী মো. মামুনুর রশীদ গতকাল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সকালে নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে মামুনুর রশীদ বলেন, ‘নির্বাচন করতে যে পরিমাণ টাকার দরকার, তা আমার নেই। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আজ বুধবার কুমিল্লায় আসছেন। তিনি বেলা ১১টায় টাউন হলে সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।পুলিশ সূত্র জানায়, কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ থানার ৬১ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী নগরের কালিয়াজুরি এলাকার খোরশেদ আলম এবং ৭০ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী কাপড়িয়াপট্টির মিল্লাত হোসেন ওরফে সোহাগকে গ্রেপ্তার করেছে। খোরশেদকে গত সোমবার রাতে এবং মিল্লাতকে গতকাল গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, গতকাল সিটি করপোরেশন এলাকায় র্যাবের ১০০ জন সদস্য মাঠে নেমেছেন। আজ বুধবার আরও ২৮০ জন মাঠে নামবেন।আফজল খানের পক্ষে গণসংযোগ: সরকারদলীয় সাংসদ আ হ ম মুস্তফা কামাল ও নাছিমুল আলম চৌধুরী গতকাল নগরের চৌয়ারাবাজার, ধনপুর, ঢুলিপাড়া, রাজাপাড়া, বাহুবন ও নেউরা এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খানের পক্ষে গণসংযোগ করছেন।মনিরুল হকের পক্ষে গণসংযোগ: সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হকের পক্ষে গণসংযোগ করেছেন সংগীত শিল্পী আসিফ আকবর। নগরের কান্দিরপাড়, আদালতপাড়াসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।