নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সাংসদ শফিকুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাংসদ শফিকুল আজম খান অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন।
সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ, দলের উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতা শেখ নিজাম উদ্দিন, শাহাজান আলী, ফারজেল হোসেন ও ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম এ আসাদ, পৌর ছাত্রলীগ সভাপতি আলমগীর কবীর প্রমুখ।
সংবাদ সমেঞ্চলনে শফিকুল আজম খান বলেন, ‘জেলা আওয়ামী লীগের সহসভাপতির মতো একটি দায়িত্বশীল পদে থেকে দলীয় প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা আমার আগে ছিল না, এখনো নেই। কিন্তু হরতাল ও অবরোধের কারণে এত দিন জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে আমার মনোনয়ন প্রত্যাহার করা সম্ভব হয়নি। তাই দেরিতে হলেও দলের সভানেত্রী শেখ হাসিনা ও দলের গঠনতন্ত্রের প্রতি অবিচল আস্থা ও পূর্ণ আনুগত্য রেখে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।’
তবে নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক নেতা জানান, তাঁর ওপর কেন্দ্রীয় নেতাদের চাপ ছিল। এ কারণে তিনি এই ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।
দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে থাকায় ইতিমধ্যে জেলা আওয়ামী লীগ তাঁকে দল থেকে বহিষ্কার করেছে। বর্তমানে তিনি স্থানীয় সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণার পর ঝিনাইদহ-৩ আসনে এখন আওয়ামী লীগ মনোনীত নবী নেওয়াজ ও জাতীয় পার্টির একাংশের নেতা কামরুজ্জামান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।