নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনে সাজানো নির্বাচনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করলেও ‘টেস্ট কেস’ হিসেবে এ উপনির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, সরকার ভীতিকর পরিবেশ সৃষ্টি করার পরও বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।গতকাল শুক্রবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার এ উপনির্বাচনকে ‘টেস্ট কেস’ আখ্যায়িত করে বলেন, ‘এটা সরকার, নির্বাচন কমিশন ও আমাদের জন্য টেস্ট কেস। তাই ফেয়ার টেস্ট হতে দিন। দেশ-বিদেশ থেকে পর্যবেক্ষক আসতে দিন।’খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে উপনির্বাচনে জিতে জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা চালাচ্ছে। এভাবে মরিয়া হয়ে নির্বাচন প্রভাবিত করার ফল ভালো হবে না। পরাজয় আঁচ করতে পেরে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বলে আগের দিন এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহম্মেদ, শিরিন সুলতানা প্রমুখ।বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচনের আচরণবিধি মানছে না। আওয়ামী লীগের কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকার লোকজন ভোটকেন্দ্রে যেতে পারবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারের মধ্যে কাউকে ভোলায় গিয়ে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করার আহ্বান জানান।