জামায়াতে ইসলামী বলেছে, কোনো ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার ওপর একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন হওয়া না হওয়া কখনো নির্ভর করে না। জনগণ যেভাবে চায়, সেভাবেই নির্বাচন হবে।
গতকাল সোমবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে এসব কথা বলেন। তিনি প্রশ্ন রাখেন, নির্বাচন দেওয়া না দেওয়ার তিনি (প্রধানমন্ত্রী) কে?
‘অসাংবিধানিক সরকার আনলে কারও লাভ হবে না। নির্বাচনই হবে না’ বলে গত রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী যেভাবে দাম্ভিকতার সঙ্গে অসাংবিধানিক মন্তব্য ছুড়ে দিলেন, তাতে মনে হয় তিনিই এ দেশের মালিক-মোক্তার। দেশে কোনো আইন ও সংবিধান নেই, তিনিই সবকিছু। জনগণ তাঁর হাতের পুতুল। তাঁর এ মন্তব্য তাঁর পিতার আমলের বাকশালি শাসনের কথাই দেশবাসীকে স্মরণ করিয়ে দেয়।
প্রধানমন্ত্রীর বক্তব্যের উল্লেখ করে বিবৃতিতে দাবি করা হয়, তাঁর অগণতান্ত্রিক ও অসাংবিধানিক মন্তব্যের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করার প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিহিত রয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারের অধীনে নির্বাচন করার ইচ্ছা ব্যক্ত করে কার্যত তাঁর সাজানো ছকে প্রহসনের নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে দাম্ভিকতা পরিহার করে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, নইলে চার সিটি করপোরেশনের নির্বাচনের মতো জনগণ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে আগামী সংসদ নির্বাচনেও ১৪ দলকে সমুচিত জবাব দেবে।