নির্বাচন দেখার কৌতূহলে চোখ হারাল অনীক
ছেলে বায়না ধরেছিল বাবার সঙ্গে ভোটকেন্দ্রে যাবে। সেটাই যেন কাল হলো দ্বিতীয় শ্রেণীর ছাত্র অনীক দাশের (৯)। দুর্বৃত্তদের ককটেল কেড়ে নিয়েছে তার একটি চোখ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু ওয়ার্ডে শুয়ে এক চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে এখন অনীক।
গত রোববার নির্বাচনের দিন সকাল নয়টার দিকে চট্টগ্রামের আকবরশাহ থানার উত্তর কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। আহত অনীকের বাঁ চোখটি গত সোমবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে ফেলে দেওয়া হয়।
অনীকের বাবা স্বপন দাশের একই এলাকায় একটি শালকরের দোকান রয়েছে। তারা ওখানকার স্থানীয় বাসিন্দা। অনীক স্থানীয় কাট্টলী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ঘটনার বর্ণনা দিয়ে স্বপন দাশ বলেন, ‘ছেলে সকাল থেকে বায়না ধরে আমার সঙ্গে ভোটকেন্দ্রে যাবে। কান্নাকাটি শুরু করে দেওয়ায় নিয়ে যাচ্ছিলাম। অনীকের কোলে ছিল আমার দুই বছরের মেয়ে পূজা। সে কিছুটা সামনে এগিয়ে যায়। আমি ছিলাম পেছনে। এমন সময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এরপর দেখি অনীকের বাঁ চোখ বেয়ে রক্ত ঝরছে।’ বিস্ফোরণে অনীকের বাঁ চোখ ছাড়া অন্য কোথাও আঘাত লাগেনি। তার কোলে থাকা পূজাও অক্ষত ছিল। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চক্ষু বিভাগের সহকারী রেজিস্ট্রার মাহমুদুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘ছেলেটির চোখটি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ভিশন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ভেতর থেকে সবকিছু বের হয়ে যায়। আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষার পর চোখ ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিই।’
হাসপাতালে গিয়ে দেখা যায়, অনীক বিছানায় হেলান দিয়ে বসে আছে। মাঝেমধ্যে ডান চোখ থেকে গড়িয়ে পড়ছে পানি। অনীক এখনো ভালো করে জানে না তার কত বড় ক্ষতি হয়ে গেছে। সে বলে, ‘হঠাৎ আমার পাশে একটি শব্দ হয়। তারপর দেখি চোখে কী একটা পড়েছে।’
হাসপাতালে অনীকের পাশে বসে আছেন তার বাবা স্বপন দাশ ও মা শিল্পী দাশ। তাঁদের পাঁচটি চোখে এখন অনিশ্চিত ভবিষ্যৎ।