বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সবার অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন না দিলে সারা দেশে দাবানল জ্বলে উঠবে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুদ্ধের জন্য সারা দেশ প্রস্তুত।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের ভুবনমোহন পার্কে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারিক আদালত স্থানান্তর এবং দেশজুড়ে হত্যা, গুম ও অপহরণের প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করা হয়৷
রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো কর্পূরের মতো উড়ে গেছে, খালেদা জিয়ার মামলা আঠার মতো লেগে গেছে।
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ এখন কাজী ‘গোলাম’ উদ্দিনে পরিণত হয়েছেন। সর্বশেষ অনুষ্ঠিত ১২টি উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগকে জেতাতে নির্বাচন কমিশন ছিঁচকে চোরের ভূমিকা পালন করেছে৷
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ ও কাজী হেনা, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল হক প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।