নির্বাচন না হওয়ায় উন্নয়নে ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৫ বছর ধরে বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচন হয়নি। কয়েকটি গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্তির পক্ষে-বিপক্ষে হাইকোর্টে রিট থাকায় ২০০১ সাল থেকে প্রশাসক দিয়ে পৌর কার্যক্রম চলছে। এতে পৌরসভায় কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৬ এপ্রিল সোনাতলাকে পৌরসভা ঘোষণা করা হয়। ওই সময় উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকিরকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসকের দায়িত্ব পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। হাইকোর্টে তিন দফা রিট মামলার কারণে নির্বাচন না হওয়ায় এখনো প্রশাসকের দায়িত্ব পালন করছেন ইউএনও।
পৌরসভা ঘোষণার পর সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের কয়েকটি গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্তির পক্ষে-বিপক্ষে হাইকোর্টে রিট মামলা করেন শাজাহান আলী ও শাবেরী আলম নামে দুই ব্যক্তি। এর মধ্যে প্রথম রিট হওয়ার পর বালুয়া ইউনিয়নের অমীমাংসিত এলাকাকে পৌরসভার বাইরে রেখে সীমানা চূড়ান্ত করা হয়। সেই অনুযায়ী ২০১১ সালের ৩১ অক্টোবর বালুয়া ইউনিয়নের নির্বাচনও হয়। কিন্তু আদালতে মামলার কারণে ঝুলে যায় পৌরসভার নির্বাচন।
সোনাতলা পৌরসভার প্রশাসক ইউএনও হাবিবুর রহমান বলেন, ‘শাবেরী আলমের করা সীমানা নিয়ে রিট মামলাটি গত ২২ এপ্রিল খারিজ করে দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এরপর নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা ছিল না। কিন্তু ১৯ মে বালুয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের রায়হান অর রশিদ হাইকোর্টের একই বেঞ্চে রিট আবেদন করেন। আদালত সোনাতলা পৌরসভার ভোট গ্রহণের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেন। তিনি বলেন, ‘পৌরসভার ভোটাররা শুধু নয়; আমিও মনে করি অনির্বাচিত প্রশাসক দিয়ে পৌরসভা চালানোর বদলে এখানে নির্বাচন হওয়া দরকার। কিন্তু আইনি জটিলতায় নির্বাচন হচ্ছে না।’
েপৗরসভার আগুনাতাইর এলাকার ভোটার মাহাথির হাসান অভিযোগ করেন, আওয়ামী লীগ-বিএনপির স্থানীয় নেতাদের রাজনৈতিক কূটকৌশলের কারণেই ১৫ বছর ধরে এখানে ভোট হচ্ছে না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম বলেন, ‘১৫ বছর ধরে একটি পৌরসভা চলছে অনির্বাচিত লোক দিয়ে। এতে কাঙ্ক্ষিত উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না। আওয়ামী লীগ সব সময় নির্বাচনের পক্ষে।
অন্যদিকে সোনাতলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, ‘আওয়ামী লীগের কারণেই এত দিন পৌরসভায় ভোট হয়নি।