নির্বাচন না হলে দেশ রক্তে ভাসবে: এরশাদ
সব রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করে তার অধীন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘নির্বাচন না হলে দেশ রক্তে ভাসবে।’এরশাদ গতকাল শনিবার চট্টগ্রামের মুসলিম হল মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির (জাপা) দ্বিবার্ষিক সম্মেলনে এ দাবি করেন। তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। নির্বাচন হতে হবে আমার ফর্মুলায়, সব দলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে। তাহলে আমরা নির্বাচনে যাব।’কথিত নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে হেফাজতে ইসলামের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক এরশাদ। তিনি বলেন, ‘আমি জানি না, ৬ এপ্রিল তারা কী বিশাল জনস্রোত নিয়ে হাজির হবে। ওয়ান-ইলেভেনের পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়া ঠিক হবে না।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘ওয়ান-ইলেভেন কীভাবে এসেছিল, আমরা সবাই জানি। কারা লগি-বৈঠা দিয়ে মানুষ খুন করেছিল, তা-ও আমরা জানি। ওয়ান-ইলেভেনের পর আপনি (শেখ হাসিনা), খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। আমার চেয়ারম্যানশিপ চলে গিয়েছিল। আমরা সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। এখন আবারও যে ওয়ান-ইলেভেন আসবে না, তার নিশ্চয়তা কে দেবে?’