নির্বাচন নিয়ে অন্ধকারে আছি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগামী নির্বাচন নিয়ে অন্ধকারে আছি। কী হবে বলা যায় না। তবে এ সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে নেই। দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মে ছেয়ে গেছে দেশ।’
এরশাদ বলেন, নির্বাচন হলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। গতকাল বুধবার রংপুর টাউন হলে জাতীয় পার্টির জেলা ও মহানগর সমেঞ্চলন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘নির্বাচন হবে কী হবে না, তা বলা যাচ্ছে না। তবে নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত হোন। আমাদের দলকে নিয়ে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা আর হতে দেওয়া হবে না।’
বক্তব্য শেষে মশিউর রহমানকে একই সঙ্গে জেলা ও মহানগর কমিটির সভাপতি করে ২০১ সদস্যের জেলা কমিটি ও ১১৯ সদস্যের মহানগর কমিটি ঘোষণা করেন এরশাদ। জেলা ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক হন যথাক্রমে আবুল মাসুদ চৌধুরী ও সালাউদ্দিন কাদেরী।