নারী নির্যাতন ও সিটি নির্বাচন নিয়ে নির্মূল কমিটির আলোচনা সভা
নির্বাচন নিয়ে গণমাধ্যমের সংবাদের সমালোচনা
‘নববর্ষে নারী নির্যাতন ও সিটি নির্বাচন: বাংলাদেশ কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় গতকাল রোববার একাধিক বক্তা ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা করেছেন। একাধিক বক্তা বলেছেন, আওয়ামী লীগকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটলে সমাজের কিছু মানুষ খুব উল্লসিত হন। দুজন বক্তা দাবি করেন, ২০০৮ সালের পর এত ‘সুষ্ঠু ও অবাধ’ নির্বাচন হয়নি।
শহীদজননী জাহানারা ইমামের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল এ আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ আলোচনা সভা হয়।
তিন সিটি নির্বাচন প্রসঙ্গে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির দাবি করেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর এত অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত নির্বাচন আর হয়নি। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ জিতলে গণতন্ত্রের পরাজয় হয় আর বিএনপি-জামায়াত জিতলে গণতন্ত্র রক্ষা হয়, এটা জামায়াত-শিবিরের মানসিকতা। এর উৎস খুঁজতে গেলে ১৯৭১ সালে ফিরে যেতে হবে। গত ৪৪ বছরে বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষের মনে এ বোধের জন্ম দিয়েছে জামায়াত, যার প্রধান অবলম্বন এবং শিকার বিএনপি।
বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর অধ্যাপক মুনতাসীর মামুনও মনে করেন, তিন সিটি নির্বাচন ছিল সংঘাতমুক্ত। তিনি বলেন, ‘সিটি নির্বাচনে যে একেবারে কোনো অনিয়ম হয়নি, এটা আমি বলব না। তবে আওয়ামী লীগকেন্দ্রিক কোনো ঘটনা ঘটলে সমাজের কিছু মানুষ খুব উল্লসিত হয়।... স্থানীয় সরকার নির্বাচনকে গণমাধ্যমগুলো এমনভাবে তুলে ধরেছে, যেন এটি জাতীয় নির্বাচন। গণমাধ্যমগুলো বিভক্ত, নিরপেক্ষ নয়।’
মুনতাসীর মামুন বলেন, সুরিটোলায় সংঘর্ষের ঘটনা বিভিন্ন টিভিতে বারবার দেখানো হয়েছে, যাতে মনে হয় ঢাকার সব কেন্দ্রে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সরাসরি কোনো গণমাধ্যমের সমালোচনা করেননি। তিনি বলেন, ‘ভালো সংবাদ মানুষ খায় না। এ জন্য নেতিবাচক সংবাদ প্রকাশের দিকে গণমাধ্যমের ঝোঁক থাকে।...খবরের কাগজ বা টেলিভিশন—প্রত্যেকের রাজনৈতিক চিন্তাভাবনা আছে। তাদের সংবাদে সে চিন্তাভাবনারই প্রতিফলন ঘটে।’
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত বলেন, ‘আওয়ামী লীগ এ কাজ করলে খারাপ, আর জামায়াতের সমর্থনে থাকলে ভালো—এমনটা ঠিক নয়।’
নারী অধিকার প্রশ্নে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। তিনি বলেন, সিটি নির্বাচন বা রাজনৈতিক বিষয়ে গণমাধ্যমগুলো যতটা সোচ্চার, নারীদের লাঞ্ছনা বা শ্রমিকদের বঞ্চনা নিয়ে গণমাধ্যমগুলো ততটা সোচ্চার নয়।
শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি আইনজীবী মনজিল মোরসেদ।