নির্বাচন নিয়ে গোলমাল লাগলে কপালে দুর্ভোগ আছে: ড. ইউনূস
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শান্তিপূর্ণ নির্বাচন হতে হবে। নির্বাচন সুষ্ঠু না হলে অশান্তি সৃষ্টি হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে গোলমাল লাগলে কপালে দুর্ভোগ আছে।
গতকাল মঙ্গলবার সকালে মিরপুরের ইউনূস সেন্টারে মুক্তিযোদ্ধা গণপরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় ড. ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা একটা চক্রের মধ্যে আটকে গেছি। এই চক্র দেশে অশান্তি সৃষ্টি করতে চায়।’
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূস বলেন, ‘আমরা স্থায়ীভাবে দেশে শান্তি চাই। আর সে শান্তি-প্রক্রিয়া শুরু হয় নির্বাচনের মধ্য দিয়ে। তাই আগামী নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে জন্য একটি প্রক্রিয়া আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, যাতে নির্বাচন-পরবর্তী অশান্তি না হয়।’ তিনি বলেন, ‘শান্তি-প্রক্রিয়াটি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে যারা শান্তি দিতে পারবে, তাদেরই আমরা ভোট দিতে পারব।’
ড. মুহাম্মদ ইউনূস গতকাল বেসরকারি সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সুরক্ষিত কি না—এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস সাংবাদিকদের বলেন, ‘আগে কিছুটা মানা হতো। এখন মানা হচ্ছে না’।