নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে: খালেদা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করার ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার অধীনে দেশে কোনো নির্বাচন হবে না। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে। আমাদের দাবি পরিষ্কার, আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই। এ জন্য আমাদের সংগ্রাম করতে হবে।’
আজ মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময়কালে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। এরপর কেক কাটা হয়।
খালেদা জিয়া বলেন, সরকার যতই ছলচাতুরী করুক, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। এ নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্যও হবে না। মহিলা দলের নেতা-কর্মীদের দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া। এই সরকার নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এদের অত্যাচার ও হিংস্রতা থেকে মহিলারাও রক্ষা পায়নি। অনেকে নির্যাতিত হয়েছে, অনেককে কারাগারে যেতে হয়েছে।
এ সময় বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নুরি আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।