নির্বাচন নিয়ে আগ্রহ নেই বরগুনার ভোটারদের
বরগুনার দুটি আসনে নির্বাচনী প্রচারণা শুরু হলেও ভোটারদের মধ্যে তেমন আগ্রহ নেই। আর প্রার্থীদের প্রচারণায়ও গতি নেই। নির্বাচনী এলাকায় সভা-সমাবেশে লোকসমাগমও কম। সাধারণ ভোটারদের মধ্যে আগামী ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে উদ্বেগ ও আতঙ্ক রয়েছে।
নির্বাচনী এলাকায় শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার। মাইকে চলছে প্রচারণা। গণসংযোগও করছেন কেউ কেউ। তবে যাঁদের জন্য এসব আয়োজন, সেই ভোটারদের মধ্যে এসব তৎপরতা আশাব্যঞ্জক প্রভাব ফেলতে পারছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বরগুনায় আওয়ামী লীগ প্রার্থীদের কয়েকজন সক্রিয় কর্মী জানান, মাঠপর্যায়ে নির্বাচনের আমেজ বলতে কিছু নেই। সভা-সমাবেশে আগের মতো আগ্রহ নিয়ে সাধারণ মানুষ অংশ নিচ্ছেন না।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনার দুটি সংসদীয় আসনের মধ্যে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা দেলোয়ার হোসেন, বিএনএফের প্রার্থী খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরগুনা-২ আসনে আওয়ামী লীগের সাংসদ (উপনির্বাচনে জয়ী) শওকত হাচানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন শিকদার ও গণফ্রন্টের কামরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরগুনা-১ আসনে ভোটার তিন লাখ ৬১ হাজার ৮৯৯ জন। আর বরগুনা-২ আসনে দুই লাখ ৩১ হাজার ১৭৩ জন। বরগুনা-১ আসনে ধীরেন্দ্র দেবনাথ ও দেলোয়ার হোসেন এবং বরগুনা-২ আসনে শওকত হাচানুর রহমান ও আবুল হোসেন শিকদার প্রচারণা শুরু করেছেন।
১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর বরগুনা শহরে দেলোয়ারের পক্ষে প্রথম বিশাল একটি মিছিল হয়। আর ১৬ ডিসেম্বর বিজয় সমাবেশের মাধ্যমে নির্বাচনী সমাবেশ করেন ধীরেন্দ্র দেবনাথ। গত এক সপ্তাহে ধীরেন্দ্র দেবনাথ ও দেলোয়ার আমতলী এবং তালতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও বেশ কয়েকটি পথসভা করেন। তবে এসব সমাবেশে আগের নির্বাচনগুলোর সমাবেশের মতো জনসমাগম ছিল না।
স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেনের কয়েকজন সমর্থক বলেন, মানুষ আতঙ্কে আছেন। আদৌ তাঁরা নিরাপদে ভোট দিতে পারবেন কি না, পারলেও ফলাফল উল্টে যাবে কি না, এমন নানা দ্বিধা-দ্বন্দ্ব ও শঙ্কায় আছেন ভোটাররা।
তালতলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মান্নান বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কোনো আগ্রহ নেই। নির্বাচনে ভোটারের উপস্থিতি হবে অনেক কম। কারণ, মানুষের মধ্যে আতঙ্ক আছে। তেমনি বিরোধী দল মাঠে না থাকায় নির্বাচনী আমেজ নেই।’
বেতাগী উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের বাসিন্দা মাদ্রাসাশিক্ষক শামসুল হক বলেন, ‘সবাই মিলে নির্বাচন হলে মানুষের আগ্রহ থাকত।’
বুধবার বিকেলে পাথরঘাটার কাঁকচিড়া বন্দরের একটি চায়ের দোকানে বসে আলাপ করছিলেন ১৫-২০ জন ব্যক্তি। তাঁদের মধ্যে আমির হোসেন নামে এলাকার এক কৃষক বলেন, ‘একপক্ষ ইলিকশন করবে আরেক পক্ষ ঠেহাইবে। মোরা ক্যান এই ঠ্যাহাঠ্যাহির ইলিকশনে ভোট দেতে যামু কন?’ সোলায়মান ফকির নামে আরেক ব্যক্তি বলেন, ‘এইবার মারামারি-কামড়াকামড়ির ইলিকশন। মোগো নাহান মাইনষের কাম কী এই ভোটাভুটির মধ্যে যাওনে। হ্যার চাইতে ইলিকশনের দিন না খাইয়্যা অইলেও জানডা লইয়্যা ঘরে বইয়্যা থাকমু।’