নির্বাচন নিয়ে ইসি সমস্যায় পড়তে পারে: সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের গেজেট জারির ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে (ইসি) সমস্যায় পড়তে হবে বলে মত দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। গতকাল বুধবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা হয়তো তফসিল ঘোষণা করে যেতে পারব। কিন্তু নির্বাচন পরিচালনা করতে হবে পরের কমিশনকে। সে ক্ষেত্রে নির্বাচন পরিচালনা করতে গিয়ে নতুন কমিশনকে সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে।’সাংবিধানিক বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এবং দুই কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের মেয়াদ আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শেষ হচ্ছে।স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধন করে মঙ্গলবার বিল পাস হয়েছে। সাখাওয়াত হোসেন বলেন, ‘মন্ত্রণালয় আইনটি চূড়ান্ত করার আগে এ বিষয়ে কমিশনের সঙ্গে পরামর্শ করলে ভালো হতো। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত কমিশনকে বেকায়দায় পড়তে হবে। এক দিনে দুই করপোরেশনে নির্বাচন সম্ভব নয়। ভোট আলাদাভাবেই করতে হবে।’