তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গাজীপুরে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে তাঁরা তথ্যপ্রমাণ নিয়ে নির্বাচন কমিশনে যেতে পারেন। এর আগের নির্বাচনগুলোতে কারচুপির কোনো অভিযোগ মিডিয়ায় আসেনি। তথ্যমন্ত্রী গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের জিমনেশিয়ামে আয়োজিত তিন দিনের ঈদ ই-বাণিজ্য মেলা এবং ডিজাটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তিনি ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের জন্য আলাদা ওয়েজ বোর্ড গড়ার প্রক্রিয়ার কথাও জানান। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির বাংলাদেশ বানাব। তথ্যপ্রযুক্তির বাংলাদেশ হলে এ দেশের ছেলেমেয়েরা বিশ্বের বুকে নতুন নতুন চাকরি পাবে। দেশকে উন্নত করবে। এ লক্ষ্যে নীতিমালা তৈরি করা হয়েছে। সরকার ২৩ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব তৈরির উদ্যোগ নিয়েছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, এস আলম গ্রুপের বিপণন কর্মকর্তা কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।হাসানুল হক ইনু বিরোধী নেত্রীর সমালোচনা করে বলেন, এ দেশের মানুষ যুদ্ধাপরাধীদের কঠিন সাজা চায়। অথচ খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামী এদের পক্ষ নিয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।