নির্বাচন নিয়ে খেলা শুরু হয়েছে: ড. কামাল

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচনকে নিয়ে দেশে খেলা শুরু হয়েছে। এটা হলে গণতন্ত্র খাঁচায় বন্দী হয়ে যাবে।
আজ শনিবার সকালে বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত ‘গ্রহণযোগ্য নির্বাচন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কামাল হোসেন। তোপখানা রোডের মুক্তি ভবনে এই গোলটেবিল অনুষ্ঠিত হয়।
ড. কামাল বলেন, সরকারে থেকে নির্বাচন করলে কী হয়, মানুষ তা জানে। ’৮৬-এর নির্বাচনে ভোট ডাকাতি হয়েছিল। ’৮৮-তে ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। ’৯৬-এর ভোটারবিহীন নির্বাচন মানুষ মেনে নেয়নি। এই সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের তীব্র সমালোচনা করে গণফোরাম সভাপতি বলেন, তিনি (এরশাদ) একই সঙ্গে সরকারেও আছেন, আবার বিরোধী দলেও আছেন। এটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। জনগণ বোঝে, এসবের উদ্দেশ্য ও লক্ষ্য ভালো না।
এরশাদকে ‘থুতু সাহেব’ হিসেবে আখ্যায়িত করে ড. কামাল বলেন, আপনি আমার চেয়েও বয়সে বড়। এই বয়সে পরকালের চিন্তা করা দরকার। ১৬ কোটি মানুষকে নিয়ে যে খেলা করার প্রক্রিয়া শুরু করেছেন, তাতে পরকালে জবাবদিহি করতে হবে।’
পঞ্চদশ সংশোধনী সম্পর্কে ড. কামাল বলেন, এটা কে করল, এর খসড়া কে করল—এটা একটা গবেষণার বিষয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।