নির্বাচন নিয়ে জটিলতার দ্রুত নিরসন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, কালক্ষেপণ না করে সরকারকে তা দ্রুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্বাচনপ্রক্রিয়া নিয়ে বিরোধী দলের রূপরেখা সংসদে উত্থাপন করা উচিত। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকার সমাবেশে এ কথা বলেছেন দলের সভাপতি সাংসদ রাশেদ খান মেনন। গতকাল শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মী-সমর্থকেরা এসে অংশ নেন। তাঁদের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন। তাঁদের পদচারণে মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণ ছিল মুখর। সমাবেশের ঘোষণায় ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন দাবিতে দেশের প্রত্যন্ত এলাকায় সভা-সমাবেশ; ১০ মার্চ থেকে ২৫ এপ্রিল উপজেলা পর্যায়ে জনসভা; ২৬ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত জেলা শহরে জনসভার কর্মসূচি দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১৫ মার্চ বিশ্বব্যাংক-আইএমএফের হস্তক্ষেপ বন্ধ করা; ২১ মার্চ যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করার ষড়যন্ত্র প্রতিরোধ ও বিচার ত্বরান্বিত করা এবং আগামী ৩ এপ্রিল দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ গণবন্টন ব্যবস্থায় পূর্ণাঙ্গ রেশন চালুর দাবিতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে মেনন বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিলুপ্ত করার পর একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান কীভাবে সম্ভব, তার কোনো সুরাহা করা হয়নি। এ কারণে তত্ত্বাবধায়ক সরকারের আধীনেই নির্বাচনের দাবি সামনে এসেছে। গ্রহণযোগ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। যেকোনোভাবে তা নিশ্চিত করতে হবে। মেনন বলেন, নির্বাচন কমিশন কোন আদলে কাজ করবে, তা-ও নিশ্চিত করা হয়নি। নির্বচনে সব দল যাতে অংশ নেয়, তেমন পথ বের করতে হবে। এ ক্ষেত্রে আলোচনা ও সংলাপের বিকল্প নেই। এ ব্যাপারে সরকারকে যেমন এগিয়ে আসতে হবে, তেমনি বিরোধী দলকেও খোলা মনে তাদের রূপরেখা প্রকাশ করতে হবে। দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিচারবহির্ভূত হত্যা বন্ধ হয়নি। জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। এসব বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া না হলে আগামী নির্বাচনে ভালো ফল পাওয়া সম্ভব নয়। বিমল বিশ্বাস বলেন, গত তিন বছরে সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সফল হতে পারেনি। এখন সামনের সময়গুলো কাজে লাগাতে হবে। ফজলে হোসেন বাদশা মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সর্বত্র গণপ্রতিরোধ গড়ে তুলতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য দেন নুরুল হাসান, হাফিজুর রহমান ভূঁইয়া, শফিউদ্দিন আহমেদ, ইকবাল কবির, হাজেরা সুলতানা, কামরুল আহসান প্রমুখ। সমাবেশের প্রতি একাত্মতা প্রকাশ করে সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুুল ইসলাম সেলিম, বাসদের সভাপতি খালেকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সামাবেশের ঘোষণা পাঠ করেন মনোজ সাহা। সমাবেশ পরিচালনা করেন নুর আহমেদ।