নির্বাচন নিয়ে জনমনে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলার দুটি সংসদীয় আসনে নির্বাচন হচ্ছে। এ দুই আসনে মোট ভোটকেন্দ্র ২১৭টি। এর মধ্যে ১৮৬টিই ঝুঁকিপূর্ণ। গতকাল শনিবার কেন্দ্র হিসেবে নির্ধারিত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। কোথাও কোথাও হয়েছে ককটেল বিস্ফোরণ। আবার কোথাও মুখোশধারীরা শাসিয়ে যাচ্ছে ভোটকেন্দ্রে না যেতে। কোথাও তেমন নির্বাচনী আমেজ নেই, আছে আতঙ্ক।
রাজশাহী জেলায় মোট সংসদীয় আসন ছয়টি। এর মধ্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে শুধু ভোট হচ্ছে। বাকি আসনগুলোতে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা। জাতীয় পার্টি থেকে এ আসনে লড়ছেন শাহাব উদ্দিন। অন্যদিকে রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলম। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রায়হেনুল হক।
রাজশাহী-৬ আসনে মোট কেন্দ্র ৯৯টি। আর রাজশাহী-৩ আসনে ১১৮টি। এর মধ্যে জেলা নির্বাচনী কার্যালয়ের হিসাবে, দুই আসন মিলিয়ে ১৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোটের জন্য প্রয়োজনীয় মালামাল নির্বিঘ্নে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। রোববার শান্তিপূর্ণভাবেই ভোট হবে। ঝুঁকি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোটে আগ্রহ নেই, আছে আতঙ্ক: রাজশাহী শহর থেকে চারঘাটে যেতে বেলঘরিয়া উচ্চবিদ্যালয় ও বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে রাত পোহালেই ভোট গ্রহণ করা হবে। কিন্তু কোনো নির্বাচনী আমেজ নেই। প্রার্থীদের কোনো পোস্টারও চোখে পড়ে না। ওই কেন্দ্রের পাশে গত শুক্রবার রাতে ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে বিস্মিত স্থানীয় বাসিন্দা মো. দুলাল হোসেন। তিনি বলছিলেন, তাঁরা গরিব মানুষ। খেটে খান। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তাঁদের এলাকায় কোনো ঝামেলাও নেই। বাইরের কেউ এসে ককটেল ফাটিয়েছে বলে তাঁর ধারণা।
বেলঘরিয়ার মোক্তার হোসেন অবশ্য মনে করেন, ভোটের দিন কোনো ঝামেলা হবে না। তিনি তাঁর মেয়েকে নিয়ে ভোট দিতে যাবেন। বেলঘরিয়া থেকে আরও সামনে গিয়ে নওদাপাড়ার একটি বাড়ির সামনে কথা হয় ৮-১০ জন নারীর সঙ্গে। তাঁরা কেউ নিজেদের নাম-পরিচয় জানাতে চান না। ভোট দিতে যাবেন কি না—এমন প্রশ্নের উত্তরে একজনের পাল্টা প্রশ্ন, ভোট দিতে গিয়ে কি জীবন দেবেন নাকি? তাঁরা গতকাল রাতেও ‘ফটাস ফটাস’ শব্দ পেয়েছেন। আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এ অবস্থায় ভোট দিতে যাওয়ার কোনো প্রশ্ন আসে না।
পাশ থেকে আরেকজন অবশ্য বললেন, এভাবে বলতে হয় না। তাঁরা ইনশাআল্লাহ ভোট দিতে যাবেন। জটলার মধ্য থেকে একজন বললেন, ‘ক্ষমতায় ওঁই থাকলেই কী আর ওঁই থাকলেই কী। আমাদের খেটে খেতে হয়। হরতালের মধ্যে কাজ নেই।’
হলিদাগাছি রেলক্রসিংয়ে কথা হয় আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে। তাঁরা ভোট দিতে যাবেন। কিন্তু তাঁদের মধ্যেও আতঙ্ক আছে। পার্শ্ববর্তী জায়গীরপাড়া গ্রামের আওয়ামী লীগের সমর্থক একজন ভোটার বললেন, দলের নেতৃত্ব দেওয়ার লোক নেই। ভোটার যাঁরা, তাঁরা সব খেটে খাওয়া মানুষ। উপায়হীন হয়ে তাঁরা জামায়াত-বিএনপির সঙ্গে সমঝোতা করে নিয়েছেন।
কেমন ভোট পড়তে পারে জানতে চাইলে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা বলেন, তাঁদের এলাকায় যে অবস্থা, তাতে হয়তো ৩০ শতাংশ ভোট শেষ পর্যন্ত কাস্ট করানো যাবে। কারণ, রাত হলেই জামায়াত-শিবির মহড়া দিতে আসে। তিনি বলেন, কয়েক দিন ধরে হলিদাগাছি এলাকায় মুখোশধারী কিছু লোক এসে সাধারণ মানুষকে শাসিয়ে যাচ্ছে, যাতে তারা কেউ ভোটকেন্দ্রে না যায়। গেলে হাত-পা গুঁড়িয়ে দেওয়া হবে।
কিন্তু এর পাল্টা হিসেবে আওয়ামী লীগের তরফ থেকে কিছু করা হচ্ছে না। ওই মুখোশধারী কারা জানতে চাইলে তিনি বলেন, তাঁরা ধারণা করছেন বহিরাগত শিবিরের কর্মীরা এ কাজ করছে।