নির্বাচন নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
কক্সবাজারের চারটি পৌরসভায় সুষ্ঠু নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। বিএনপি ও জামায়াতের সমর্থক একাধিক প্রার্থী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ-সমর্থক প্রার্থীরা সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থক প্রার্থীদের পাল্টা অভিযোগ, বিএনপি-জামায়াতের সমর্থক প্রার্থীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্ত চালাচ্ছেন।তবে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, চারটি পৌরসভায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার পরও কেউ যদি নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কেউ ভোটবাক্সে হাত দিলেই গুলি চালানো হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলার চার পৌরসভা—সদর, চকরিয়া, মহেশখালী ও টেকনাফের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করে। সেখানেও অনেক প্রার্থী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।টেকনাফ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জামায়াতের নেতা মোহাম্মদ ইসমাইল অভিযোগ করেন, মহাজোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইসলামের সমর্থকেরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাঁর পক্ষে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি মাঠে নেমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাঁর সমর্থকদেরও মারধর করা হচ্ছে। তিনি এখানে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।মোহাম্মদ ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ইসমাইলের পক্ষে শিবিরের বহিরাগত ক্যাডাররা এলাকায় ভোটারদের হুমকি-ধমকি ও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এতে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। শিবিরের ক্যাডাররা তাঁর সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। আর জামায়াতের প্রার্থীর অভিযোগকে ‘নাটক’ দাবি করে সাংসদ আবদুর রহমান জানান, কয়েক শ বহিরাগত রোহিঙ্গা সন্ত্রাসী ও শিবিরের ক্যাডার এখন এলাকায় জামায়াতের নেতা ইসমাইলের পক্ষে মাঠে নেমেছে। তারা নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।কক্সবাজার পৌরসভার চারদলীয় জোটের মেয়র পদপ্রার্থী ও জামায়াতের নেতা সরওয়ার কামাল কয়েক দিন আগে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাঁর এলাকায় আওয়ামী লীগ-সমর্থক সন্ত্রাসীদের আনাগোনা ও মহড়া দেখতে পাচ্ছেন তিনি। এরা ভোটের দিন প্রভাব বিস্তার করবে বলে তাঁর আশঙ্কা। তিনিও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।এ প্রসঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগে কোনো সন্ত্রাসী নেই। বরং শিবিরের ক্যাডাররাই এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে।মহেশখালী পৌরসভার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থী জানান, তিনজন মেয়র পদপ্রার্থীর পক্ষে সশস্ত্র ক্যাডাররা এখন থেকে মহড়া দিচ্ছে। এ কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটার ও সাধারণ প্রার্থীরা শঙ্কিত। গোরকঘাটার ভোটার তাজুল ইসলাম (৫৬) বলেন, আওয়ামী লীগের দুই মেয়র পদপ্রার্থী পারিবারিকভাবে একে অন্যের চিরশত্রু। দুই পক্ষের মধ্যে একটু সংঘর্ষ হলেই পুরো এলাকায় অস্ত্রের ঝনঝনানি শুরু হবে।