নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশনের নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। নির্বাচনে প্রভাব বিস্তার-সম্পর্কিত বিএনপির অভিযোগ নাকচ করে দলের পক্ষ থেকে বলা হয়, বিরোধী দল তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে যৌক্তিক করার জন্য এ ধরনের মিথ্যাচার চালাচ্ছে। নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন ও সত্যের অপলাপ।গতকাল শনিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, প্রতিটি নির্বাচনেই তাঁরা সেনা মোতায়েনের দাবি ও নির্বাচন সুষ্ঠু হয়নি এমন অভিযোগ তোলেন। আবার নির্বাচনে জয়লাভের পরে মুখে কুলুপ আঁটেন। তিনি বলেন, দেশের জনগণ বিএনপির আমলে ‘মাগুরা মার্কা’ ও ঢাকায় ‘ফালু মার্কা’ নির্বাচনের কথা ভুলে যায়নি।বিএনপির নেতারা মিথ্যাচার করছেন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপির নেতারা ঢাকায় বসে মিথ্যাচার করছেন। বিএনপির নেতারা ঢাকায় বসে যে অভিযোগ করছেন, তার সত্যতা নেই। বিকেলে কারওয়ান বাজারে টিসিবি ভবনের নিজ কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হানিফ জনগণের রায় সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান।