নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে গতকাল সোমবার দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকায় দুই দল ব্যবসায়ীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির কার্যকরী কমিটির নির্বাচনের ফরম বিতরণকে কেন্দ্র এ ঘটনা ঘটে বলে জানা গেছে।অভিযোগ পাওয়া গেছে, পুলিশ ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সদস্য পদের ফরম নেওয়ার জন্য সমিতির কার্যালয়ের সামনে ব্যবসায়ীরা সারিবদ্ধ হয়ে দাঁড়ান। কিন্তু সমিতির সচিব ও অন্য সদস্যরা কয়েকটি ফরম বিতরণ করে নিজেরাই নামে-বেনামে ফরম তুলতে থাকেন। সাধারণ ব্যবসায়ীরা সদস্য ফরম না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তাঁরা সমিতির কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সমিতির আসন্ন নির্বাচনের কয়েকজন প্রার্থী বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে সমিতির বর্তমান কমিটির কয়েকজন সদস্য ও নেতা-কর্মী নামে-বেনামে সদস্য ফরম তুলে নতুন ভোটার করার চেষ্টা করেন। এতে সাধারণ ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে তাঁরা হামলা চালান। সমিতির বর্তমান সভাপতি মিজানুর রহমান বলেন, নির্বাচন বানচাল করতে কয়েকজন ব্যবসায়ীই এ ষড়যন্ত্র করছেন। তাঁরাই ধাওয়া-পাল্টাধাওয়া ও বিক্ষোভের ঘটনা ঘটিয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।