নির্বাচন নিয়ে শঙ্কায় ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের শঙ্কা ও সন্দেহের শেষ নেই। তাঁদের জিজ্ঞাসা, শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন কি না? কেন্দ্রে যাওয়ার আগে ভোট দেওয়া হয়ে যাবে না তো? সংসদ ও উপজেলা নির্বাচনের আদলে কি এ নির্বাচনও হবে? তবে চার মেয়র প্রার্থীর সবাই মনে করেন, এখানে নির্বাচন সুষ্ঠু হওয়ার মতো পরিবেশ রয়েছে।
গত শুক্রবার পৌরসভার চার মেয়র প্রার্থী, কয়েকজন কাউন্সিলর প্রার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ৩০ জন মানুষের সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজকিন আহমেদ, জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চিংড়িঘের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, গত উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে গেলে কয়েকজন তরুণ এসে তাঁকে বলেন, ‘আপনার আবার কষ্ট করে আসা লাগল কেন, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। যান বাড়ি গিয়ে বিশ্রাম নেন।’ পৌরসভা নির্বাচনেও এ নিয়ে শঙ্কা তাঁর।
স্থানীয় শিক্ষক মুজিবর রহমান বলেন, ভোট নিয়ে ভাবছেন না। কারণ, ভোট দিতে পারবেন কি না, তা এখনো বুঝতে পারছেন না। ২০১৪ সালের সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের ধারাবাহিকতায় এ ভোট ওই রকম হবে না তার নিশ্চয়তা কোথায়?
অবশ্য কেউ কেউ ভিন্নমত পোষণ করেন। ব্যবসায়ী ফিরোজ আহমেদ বলেন, ভোট সুষ্ঠু না হওয়ার কোনো কারণ তিনি দেখছেন না। পৌর নির্বাচনে একাধিক মেয়র ও কাউন্সিলর প্রার্থী রয়েছেন। ইচ্ছা থাকলেও কেউ ভোট কারচুপি করতে পারবেন না। প্রার্থীরা প্রতিরোধ করবেন। এ ছাড়া সরকারকে ভাবমূর্তি ঠিক রাখতে নির্বাচন সুষ্ঠু করতে হবে।
অনেকেই মনে করছেন নির্বাচন সুষ্ঠু হবে না—এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী শাহাদাৎ হোসেন বলেন, ‘তাহলে তো ঘরে বসে থাকলি হতো। এত পরিশ্রম করছি কেন সবাই মিলে। ভোটে কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই।’
বিএনপির প্রার্থী তাজকিন আহমেদ বলেন, এখানে ভোটের ভালো পরিবেশ রয়েছে। কোথাও কোনো অস্বচ্ছতা দেখছেন তা। প্রচারণা চালাচ্ছেন, কোনো অসুবিধা নেই। একই ধরনের কথা বলেন জাতীয় পার্টির প্রার্থী শেখ আজাহার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান।
সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের সাবেক সভাপতি অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। জনগণের মধ্যে যেসব শঙ্কা, সরকারকে তা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে।