নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ১০
বরিশালের উজিরপুর উপজেলার হারতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গত শনিবার এ সংঘর্ষ চলাকালে ব্যপক ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের জন্য সদস্য পদের নির্বাচনের দিন ধার্য ছিল। নির্বাচনে চারটি সদস্য পদে ১৪ জন ও একটি সংরক্ষিত মহিলা সদস্য পদে দুজন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন।সদস্য পদপ্রার্থী মনীন্দ্র মল্লিক, রফিকুল ইসলাম, উত্তম কুমার মণ্ডল ও কীর্তি রতন হালদার অভিযোগ করেন, নির্বাচনের কয়েক দিন আগে থেকে প্রতিপক্ষ প্রার্থী হারতা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, অমল হালদার ও নিখিল চন্দ্র চক্রবর্তী তাঁদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিয়ে আসছিলেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, শনিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টায় কেন্দ্র দখলের জন্য সিরাজুল ইসলাম, নিখিল চন্দ্র ও অমলের নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্রে ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর হামলা চালায়। এ সময় ভোটকেন্দ্রের জানালা, দরজা ও আসবাব ভাঙচুর করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে ভোটকেন্দ্রের আশপাশে পর পর কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। সংঘর্ষে মনিন্দ্র মল্লিক, রফিকুল ইসলাম, উত্তম কুমার, কীর্তি রতন হালদার, দীনবন্ধু, বিজনসহ ১০ জন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।হুমকি ও হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম বলেন, ‘হামলার সঙ্গে আমরা জড়িত নই।’