
নির্বাচন নিয়ে সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টা হরতাল শেষে আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এই সংবাদ সম্মেলনে ৬০ ঘণ্টার হরতাল পরিস্থিতি তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, ৩ নভেম্বর থেকে আজ পর্যন্ত হরতালে চারজন নিহত হয়েছে। এই সময়ে এক হাজার ৭০৭ জনের বেশি গ্রেপ্তার, ছয় হাজারের বেশি আহত, ২৬ হাজারের বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন সামনে। কিন্তু নির্বাচন কমিশন এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করছে না। সরকারের কাঠোমো কী হবে, সংসদ কত দিন থাকবে—সরকার এসব নিয়ে কিছু বলছে না। তারা গোটা নির্বাচন নিয়ে লুকোচুরি করছে।
এটিকে সরকারের দায়িত্ব-জ্ঞানহীন আচরণ উল্লেখ করে তিনি বলেন, জনগণকে ধোঁকা দিলে সরকার একদলীয় নির্বাচন করতে চাইছে।
মির্জা ফখরুল বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণতান্ত্রিক অধিকার হরণ করায় তাঁরা হরতাল দিতে বাধ্য হচ্ছেন।
সমাবেশের নিষেধাজ্ঞা তুলে নিলে বিএনপি হরতাল কর্মসূচি থেকে সরে আসবে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তাঁদের আন্দোলনের মূল দাবি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, এ দাবিতেই তাঁরা হরতাল করছেন। হরতাল গণতান্ত্রিক অধিকার। সরকার সব ধরনের গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে। এ অবস্থায় রাজনৈতিক দল হিসেবে বিএনপির ওপর যে দায়িত্ব রয়েছে, তা তাদের পালন করতে হবে।
সংলাপের বিষয়ে তিনি আবারও বলেন, বিএনপি সব সময় সংলাপের জন্য প্রস্তুত। কিন্তু এর উদ্যোগ সরকারকেই নিতে হবে। এর পুরো দায় সরকারের।
সব দলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে দাবি করে বিএনপির মুখপাত্র বলেন, এ কারণেই সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
সরকারকে হুঁশিয়ার করে মির্জা ফখরুল বলেন, সরকার সংলাপ সমঝোতার পথ উন্মুক্ত না করলে চূড়ান্ত সমাধান রাজপথেই হবে। কীভাবে ‘কাণ্ডজ্ঞানহীন স্বৈরাচার’কে পরাজিত করতে হয়, তা তাঁদের জানা আছে।
বিএনএফকে নিবন্ধন দেওয়ার উদ্যোগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বিএনএফকে নিবন্ধন দেওয়া হলে নির্বাচন কমিশনকে চরম মাশুল দিতে হবে।