নির্বাচন নিয়ে সরকার লুকোচুরি করছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে সরকার লুকোচুরি করছে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টা হরতাল শেষে গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন সামনে। কিন্তু নির্বাচন কমিশন এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করছে না। সরকারের কাঠোমো কী হবে, সংসদ কত দিন থাকবে—সরকার এসব নিয়ে কিছু বলছে না। তারা লুকোচুরি করছে। জনগণকে ধোঁকা দিয়ে সরকার একদলীয় নির্বাচন করতে চায়।
সংলাপের বিষয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপি সব সময় সংলাপের জন্য প্রস্তুত। কিন্তু এর উদ্যোগ সরকারকেই নিতে হবে। এর পুরো দায় সরকারের।
সব দলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে দাবি করে বিএনপির মুখপাত্র বলেন, এ কারণেই সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে মির্জা ফখরুল বলেন, কীভাবে ‘কাণ্ডজ্ঞানহীন স্বৈরাচার’কে পরাজিত করতে হয়, তা তাঁদের জানা আছে।
বিএনএফকে নিবন্ধন দেওয়ার উদ্যোগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বিএনএফকে নিবন্ধন দেওয়া হলে নির্বাচন কমিশনকে চরম মাশুল দিতে হবে।