নির্বাচন নিয়ে সরকারের ব্যাখ্যার অপেক্ষায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সরকারের ব্যাখ্যার অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এ কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার মজীনার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৈঠক শেষে জানতে চাইলেও মজীনা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
অর্থমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর হরতাল-অবরোধের কারণে দেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয়কারী তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত। এর প্রমাণ রয়েছে। পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করা উচিত বলে মজীনাকে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে মজীনা কী বলেছেন, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তিনি নারাজ হননি।’
অর্থমন্ত্রী আরও বলেন, মজীনা বলেছেন যে অর্ধেক আসনে কোনো নির্বাচন হবে না, কিন্তু নির্বাচন মানেই তো হলো মানুষের ভোট দেওয়া। তারা (যুক্তরাষ্ট্র) এখন নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে একটি ব্যাখ্যার জন্য অপেক্ষা করছে।
আগামীবার আওয়ামী লীগই কি সরকার গঠন করছে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তা তো বটেই।’ আপনিই কি অর্থমন্ত্রী থাকছেন? এ প্রসঙ্গে বলেন, ‘তা জানি না। এটি প্রধানমন্ত্রী ঠিক করেন। এবার যখন আমি অর্থমন্ত্রী হলাম, আমি নিজেও তা জানতাম না।’
আগামী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে অস্বস্তিবোধ করবে কি না, মজীনা কি এ রকম কিছু বলেছেন—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না বলেনি। আর অস্বস্তিবোধ করবে কি না, তা তো আর আমি বলতে পারব না।’
মজীনা বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গ তুলেছিলেন বলে জানান অর্থমন্ত্রী। আবদুল মুহিত বলেন, ‘মজীনা বলেছেন গ্রামীণ ব্যাংকের পর্ষদের ক্ষমতা কমিয়ে দেওয়ার কারণ কী। আমি তাঁকে বলেছি, কমানো হয়নি। ড. ইউনূস বরং গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ বন্ধ করে রেখেছেন। ধ্বংসাত্মক কার্যকলাপ করছেন। অথচ তিনি একজন সম্মানীয় মানুষ।’
মুহাম্মদ ইউনূসের সময়কালে দেশের ২০ হাজার কোটি টাকার ক্ষুদ্রঋণের আকার বর্তমানে ৩২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক পরিচালনার ধরনে এখন কিছু পরিবর্তন এসেছে।
টিকফা সইয়ে যুক্তরাষ্ট্র সরকারের সন্তোষের কথা মজীনা অর্থমন্ত্রীকে জানিয়েছেন বলে সাংবাদিকদের অবহিত করেন তিনি।
পোশাক খাতের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন পোশাক আমদানিকারকদের সঙ্গে আমাদের কিছু কারখানার চুক্তি রয়েছে। কারখানাগুলো এখন অসুবিধায় রয়েছে। বিপদ থেকে উদ্ধারের জন্য এ দেশে কোনো নীতিমালা নেই। অথচ একটি নীতিমালা খুবই দরকার। মজীনাও এ কথা বলেছেন।’
কয়েক দিনের মধ্যে হংকংয়ে এ বিষয়ে বিশ্বের নামী পোশাক আমদানিকারকদের একটি বৈঠক রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।