নির্বাচন নিয়ে হতাশ যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যারনেস ভার্সি
ব্যারনেস ভার্সি

বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি এক বিবৃতিতে জানান, অর্ধেকের বেশি নির্বাচনী এলাকায় ভোটাররা ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়া এবং অবশিষ্ট এলাকাগুলোতে ভোটারদের অংশগ্রহণ কম হওয়ার বিষয়টি হতাশাজনক।
ব্রিটিশ সরকার ভবিষ্যতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যদের মতোই যুক্তরাজ্য বিশ্বাস করে যে পরিণত এবং কার্যকর গণতন্ত্রের প্রকৃত স্মারক হচ্ছে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন। এতে করে ভোটারদের প্রকৃত ইচ্ছার প্রতিফলন হয়। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে চলা সহিংসতা, ভীতি প্রদর্শন, স্কুল-কলেজসহ সরকারি ভবনে অগ্নিসংযোগ, প্রাণহানি, রাজনৈতিক হয়রানি ও উত্তেজনা বাড়ায় বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা জানানো হয়।
বিবৃতিতে ব্রিটিশ সরকার নতুন সরকার এবং সব রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণের স্বার্থে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ সহযোগী উল্লেখ করে ব্যারনেস সাঈদা ওয়ার্সি তাঁর বিবৃতিতে বলেন যে আরও স্থিতিশীল, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য দেশটির জনগণের আকাঙ্ক্ষার প্রতি আমাদের সমর্থন অব্যাহত রয়েছে।