নির্বাচন নিয়ে হতাশ যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রাজনৈতিক দলকে দ্রুত সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা।
গতকাল রোববার ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত সাংবাদিকদের জানান, নির্বাচনের ফলাফলে যুক্তরাষ্ট্র হতাশ। সে জন্য যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অতিসত্বর ক্ষমতাসীন দল, বিএনপি ও অন্য রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানান তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচনের ফলাফলে বাংলাদেশের জনগণের ইচ্ছার গ্রহণযোগ্য প্রতিফলন হয়েছে—এটা আমাদের কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্য নয়।’ তিনি আরও বলেন, এটা বেশ হতাশাজনক যে, অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আর বাকি আসনে প্রতীকী প্রার্থী ছিল। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশের জনগণের ক্ষতিকারক কিছু করবে না বলে জানান ড্যান মজীনা। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে সহায়তা করতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সবই করব।’ বাংলাদেশকে ভবিষ্যতে ‘এশিয়ান টাইগার’ হিসেবে দেখতে চান তিনি।