নির্বাচন-পরবর্তী সংঘর্ষে পটুয়াখালীতে আহত ১০
পটুয়াখালী সদর উপজেলায় নির্বাচনের পরের দিন আজ সোমবার নির্বাচিত চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ সকালে উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের অফিসের হাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে আটটার দিকে নির্বাচিত চেয়ারম্যান তারিকুজ্জামানের সমর্থকদের সঙ্গে পরাজিত বিএনপির প্রার্থী মো. শাহাদাত হোসেন মৃধা ও আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মো. গোলাম সরোয়ারের সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষই ধারালো অস্ত্র ব্যবহার করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এঁদের মধ্যে গুরুতর অবস্থায় জসীম (২৮), ফিরোজ (১৮), কাওসার (১২), মজিবর মৃধা (৫০), মিরাজ (১৩) ও আশরাফ গাজীকে (২৬) পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ওই এলাকায় টহল দিচ্ছে। পরিস্থিতি এখন শান্ত।