নির্বাচন পরিস্থিতি দেখতে ইইউ দল আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি খতিয়ে দেখতে আগামী শনিবার দুই সপ্তাহের মিশনে ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি তথ্যানুসন্ধানী দল।
ইইউর বহিঃসম্পর্ক বিভাগের কর্মকর্তা ব্যালথাসার বেঞ্জ পাঁচ সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন। ঢাকায় ইইউ দূতাবাস আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ব্যালথাসার বেঞ্জের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের দলটি নির্বাচন-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবে। আগামী নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন শেষে পর্যবেক্ষক মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই করতে তথ্যানুসন্ধানী দলটি ৭ থেকে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। বিশেষ করে পর্যবেক্ষক মিশন নিয়োগের প্রয়োজনীয়তা এবং নির্বাচনের প্রস্তুতিতে তাঁদের ভূমিকার বিষয়টি তথ্যানুসন্ধানী দলটি খতিয়ে দেখবে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিজেদের উদ্যোগে ইইউর তথ্যনুসন্ধানী দলটি বাংলাদেশ সফরে আসছে। সফর শেষে প্রতিনিধিদলটি ব্রাসেলস ফিরে প্রতিবেদন জমা দেবে। আর নির্বাচনের দিনক্ষণ এগিয়ে এলে বাংলাদেশ সরকারের অনুরোধ এবং ওই সময়ের বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো হবে।