নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মেয়াদ ১ বছর বাড়ল
নির্বাচন কমিশনে নিবন্ধিত ১২০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। গত জানুয়ারিতে তাদের নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ায় এবং আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২০১১ সালের জানুয়ারিতে পর্যবেক্ষক সংস্থা হিসেবে ১২০টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছিল। নিয়ম অনুযায়ী, নতুন প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য গত ডিসেম্বরের মধ্যে গণবিজ্ঞপ্তি জারি করার কথা। কিন্তু কমিশন তা করেনি। ইতিমধ্যে ১২০টি প্রতিষ্ঠানের নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে। একই সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এ অবস্থায় কমিশন বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য এ বছরের ডিসেম্বরে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
কমিশন সচিবালয় জানায়, ইউপি নির্বাচন পর্যবেক্ষণ করতে এ বছর জানিপপ, আইন সহায়তা কেন্দ্র, খান ফাউন্ডেশন, ব্রতী, সোসাইটি ফর রুরাল বেসিক নিড, পলিসি রিসার্চ স্টাডিজ ফাউন্ডেশন, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান আবেদন করেছে। সর্বশেষ পৌরসভা নির্বাচনে ২৯টি সংস্থার প্রায় চার হাজার পর্যবেক্ষক অংশ নিয়েছিলেন। তবে কোনো বিদেশি পর্যবেক্ষক ছিলেন না।