চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো কোনো প্রস্তাব দেননি। তিনি দুই পক্ষকে সংলাপে বসার ওপর জোর দিয়েছেন। এর অংশ হিসেবে নির্বাচন পেছানো যায় কি না—সরকারের কাছে তা জানতে চেয়েছেন তিনি। আর বিরোধী দল বিএনপি তাঁকে জানিয়েছে, ভোটের তারিখ পেছালেও বর্তমান কাঠামোয় প্রধানমন্ত্রীকে রেখে নির্বাচনে যেতে আগ্রহী নয় তারা।
বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বড় দুই দলের মধ্যে আলোচনার সুযোগ সৃষ্টি করতে গত শুক্রবার রাতে ঢাকায় আসেন তারানকো। তিনি পাঁচ সদস্যের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। এর আগেও দুবার তিনি ঢাকা সফর করে সংলাপের তাগিদ দিয়েছিলেন।
গতকাল বিভিন্ন বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগের কথা জানান। তিনি যেকোনো মূল্যে প্রাণঘাতী সহিংসতা বন্ধেরও আহ্বান জানান।
সব আলোচনায় সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আবার সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন তারানকো। এ ক্ষেত্রে সাংবিধানিক কাঠামোতে থেকেই রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে বলে তিনি মত দেন। তবে আলোচনার জন্য সময় কমে এলেও সংলাপের জন্য সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পক্ষে তিনি।
তারানকো গতকাল দুই নেত্রী ছাড়াও আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গেও বৈঠক করেন তিনি। আজ রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, প্রধান নির্বাচন কমিশনার, জামায়াতের প্রতিনিধিদল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তারানকো।
দুই নেত্রীর সঙ্গে বৈঠকের সময় দলীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তারানকো দুই নেত্রীর সঙ্গে পৃথকভাবে একান্তে প্রায় এক ঘণ্টা কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত একটি সূত্র প্রথম আলোকে জানায়, নির্বাচনকে ‘অংশগ্রহণমূলক’ করতে তফসিল পেছানোর সুযোগ আছে কি না, প্রধানমন্ত্রীর কাছে জানতে চান তারানকো। এ সময় তাঁকে জানানো হয়, সরকার সংবিধান অনুসরণ করেই চলতে চায়। নির্বাচনের তফসিল পেছানোর বিষয়টি নির্বাচন কমিশনই বলতে পারে।
আলোচনার একপর্যায়ে তারানকো বলেন, আর্থসামাজিক নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কারণে জাতিসংঘ বাংলাদেশকে বিশেষ মডেল হিসেবে বিবেচনা করে। গণতান্ত্রিক ক্ষেত্রেও বাংলাদেশকে দৃষ্টান্ত হিসেবে দেখতে চায় জাতিসংঘ। তাই এবারকার নির্বাচনে ‘সবগুলো দল’ অংশ নিলে খুবই ভালো হতো। বাংলাদেশের সব কটি দলকে নির্বাচনে আনার জন্য সরকারকে ‘শেষ উদ্যোগ’ নেওয়ার অনুরোধ জানান তারানকো।
এ সময় জাতিসংঘের সহকারী মহাসচিবকে জানানো হয়, সংলাপ আয়োজনের উদ্যোগ নিতে সরকার তৈরি আছে।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারানকো গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সংবিধান অনুসরণের বিষয়ে মত দেন। এ ছাড়া হরতাল-অবরোধে ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে জাতিসংঘের উদ্বেগ তুলে ধরেন।
বিকেল চারটায় তারানকো গণভবনে প্রবেশ করেন। বৈঠক শুরু হয় প্রধানমন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে। একপর্যায়ে তাঁরা এক ঘণ্টার মতো একান্তে বৈঠক করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী গণভবনে এক সংবাদ ব্রিফিংয়ে জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার যা যা করেছে, তা তারানকোর কাছে আবারও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের কথাও বলেছেন।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক: সন্ধ্যা সাতটার কিছু পর খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেন তারানকো। তাঁদের বৈঠকটি শেষ হয় রাত নয়টার দিকে। এর মধ্যে শুরুতে দেড় ঘণ্টা সবাইকে নিয়ে তাঁদের বৈঠক হয়। পরে খালেদা জিয়া ও তারানকো একান্তে আলোচনা করেন।
বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান, এর আগে জাতিসংঘের মহাসচিব যে চিঠি দিয়েছিলেন, তার সূত্র ধরে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন পেছানোর বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে শমসের মবিন বলেন, এ প্রসঙ্গে তাঁর দল এ মুহূর্তে কিছু বলতে চায় না। তিনি আরও জানান, সহকারী মহাসচিবের সঙ্গে বিরোধীদলীয় নেতা আবার বৈঠক করবেন। এরপর তাঁরা সংবাদমাধ্যমকে বিস্তারিত জানাতে পারবেন।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের সময় শমসের মবিন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান এবং বিএনপির চেয়ারপারসনের দুই উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।
বৈঠকে উপস্থিত সূত্র প্রথম আলোকে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করার মতো পরিস্থিতি ও পরিবেশ বাংলাদেশে নেই বলে তারানকোকে জানিয়েছেন খালেদা জিয়া। তিনি বলেছেন, বর্তমান ব্যবস্থা বলবৎ রেখে নির্বাচন পেছানো হলেও তাতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট অংশ নেবে না।
খালেদা জিয়া তাঁর আলোচনায় নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তার কথা বারবার উল্লেখ করেছেন। পাশাপাশি শেখ হাসিনাকে সরকারপ্রধান রেখে নির্বাচন সম্ভব নয় বলে মত দিয়েছেন।
সূত্র দাবি করেছে, খালেদা জিয়া তারানকোকে জানিয়েছেন, তিনি সমঝোতা চান। তবে অবশ্যই সরকারপ্রধান থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।
তারানকো খালেদা জিয়ার কাছে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার একটি সারসংক্ষেপ তুলে ধরেন।
বৈঠকে জাতীয় পার্টির নাম উল্লেখ না করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের ওই শরিক দলও মনে করে, বর্তমান সরকারব্যবস্থা ও পরিবেশে নির্বাচন সুষ্ঠু হবে না।
খালেদা জিয়া বলেন, ৩৩টি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ওই শরিক দলটি মনোনয়নপত্র প্রত্যাহার করলে শতাধিক আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবেন না। তিনি বিরোধী দলের নেতাদের বিনা কারণে গ্রেপ্তার এবং তাঁদের দলীয় রাজনৈতিক কর্মসূচি পালনে সরকারের বাধার কথা তুলে ধরেন।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক: স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের ছয় সদস্যের প্রতিনিধিদল দুপুরে তারানকোর সঙ্গে বৈঠক করে। এতে অংশ নেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, গওহর রিজভী, ফারুক খান ও শাহেদ রাজা।
বৈঠকের পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের জানান, জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিদলের কয়েক দফা আলোচনা হবে। প্রথম দফা আলোচনা হয়েছে। তিনি বলেন, আগামী বৈঠকগুলোর পর অনেক কিছু পরিষ্কার হবে।
সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা খুবই আশ্বস্ত যে, জাতিসংঘের মহাসচিব নিজে উদ্যোগী হয়ে প্রতিনিধিদলকে বাংলাদেশে পাঠিয়েছেন। ১/১১-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০০৮ সালে ঢাকায় এসেছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তাঁর ওই বৈঠক খুবই সফল হয়েছিল। সে কারণেই তখন নির্বাচন হয়েছিল। আর ওই নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করি। আমরা আশা করি, তারানকোর এই সফরও ফলপ্রসূ হবে।’
সব দলকে নিয়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী ৫ জানুয়ারি ঘোষিত তফসিলেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন-প্রক্রিয়ায় আছে, তাদের কথা বলছি। অনেক রাজনৈতিক দল আছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করে না। যারা অংশগ্রহণ করে, তাদের সঙ্গে আলোচনার কথা বলছি।’
প্রাতরাশ সভার মাধ্যমে কর্মসূচি শুরু: সকাল সাড়ে আটটায় দিকে তারানকো জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজের বাসায় প্রাতরাশ সভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। ওই সভায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, চীনের রাষ্ট্রদূত লি জুন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা। এরপর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিনি প্রথমে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, পরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। তবে এসব বৈঠকের পরও তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা সোনারগাঁও হোটেলে তারানকোর সঙ্গে বৈঠক করেন।