নির্বাচন পেছাবে না, প্রচারে থাকবেন না সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচন পেছানো হবে না। ৩০ ডিসেম্বরেই এই নির্বাচন হবে। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না সংসদ সদস্যরা। আজ সোমবার বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল কমিশনের কাছে। আর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টি এই নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ রাখার দাবি তুলেছিল।
রাজনৈতিক দলগুলোর এসব দাবি নিয়ে আজ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় সাংবাদিকদের তিনি জানান, রাজনৈতিক দলগুলোর দাবি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, যেহেতু তফসিল হয়ে গেছে, তাই এখন বিধি পরিবর্তন করা সম্ভব নয়। সাংসদেরা নির্বাচনী প্রচারে নামতে পারবেন না। তবে অন্য স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচনে তাঁদের দাবি বিবেচনা করে দেখা হবে। তিনি বলেন, ‘বিএনপির দাবি অনুযায়ী, আমরা একদিনের জন্য হলেও নির্বাচন পেছানোর চেষ্টা করেছি। কিন্তু সময় এতই কম যে, সেটাও সম্ভব হয়নি। ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে না পারলে আইনের খেলাপ হয়ে যাবে।’
৩০ ডিসেম্বর দেশের ২৩৬টি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা।