নির্বাচন পেছাল
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র সংসদের নির্বাচনের তারিখ ২৬ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ আলী জানান, তফসিল ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় ২৫ জানুয়ারি পরীক্ষার দিন ধার্য করায় নির্বাচনের ভোট গ্রহণের তারিখ এক দিন পিছিয়ে ২৬ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ, ১৪ জানুয়ারি জমা, ১৫ জানুয়ারি বাছাই, ১৬ জানুয়ারি বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ, ১৯ জানুয়ারি প্রত্যাহার এবং ২০ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা। ২০০২-০৩ শিক্ষাবর্ষে এই কলেজের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০০৩-০৪ শিক্ষাবর্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও গোলযোগের কারণে পরে নির্বাচন স্থগিত হয়ে যায়।