প্রথা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর। ওই সময় রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় চলতি বছরের ২৫ জানুয়ারি। পরে তা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা দেওয়া হয় আগামী ৮ ফেব্রুয়ারি। এখন তা পরিবর্তন করে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি। এর আগে ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে নির্বাচন দেরিতে হয়েছিল।
প্রায় দুই বছর আগে হলুদ দল থেকে বের হয়ে যায় আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। এরপর থেকে বের হয়ে যাওয়া অংশটি ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ’ নামে আলাদাভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। উভয়পক্ষই নিজেদের আসল হলুদ দল বলে দাবি করে আসছিল।
তবে হলুদ দলের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন শিক্ষক সমিতি নির্বাচনে ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ’-এর নেতাদের কাছে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মূল অংশের নেতারা। তাঁদের সঙ্গে দ্বন্দ্ব নিরসন করেই নির্বাচনে যেতে চাচ্ছে হলুদ দল। এ লক্ষে গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি হোটেলে তাদের নিয়ে বৈঠকও করেছে তারা। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক গাজী সালেহ উদ্দিন বলেন, ‘আমরা নির্বাচনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি।’
তবে ওই পরিষদের একজন জ্যেষ্ঠ শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আলাদাভাবে নির্বাচনে গেলে আমরা হয়তো হারব। তবে আমাদের ভাঙনের কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তো জাতীয়ভাবে একটি চাপ রয়েছে। তাই তারা চাচ্ছেন আমাদের সঙ্গে নিয়ে নির্বাচনে যেতে। আমাদের সঙ্গে দ্বন্দ্ব নিরসন করতেই মূলত নির্বাচনে সময় নেওয়া হচ্ছে। এ জন্য নির্বাচনের তারিখ তিনবার পেছানো হয়েছে।’
বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক আ ন ম মুনির আহমদ প্রথম আলোকে বলেন, ‘অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে ৩১ ডিসেম্বর নির্বাচনের তারিখ পেছানো হয়েছিল। কিন্তু এখন কী কারণে তা বারবার পেছানো হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। এর ফলে আগামী কমিটির কার্যকরী পরিষদের শিক্ষক নেতারা শিক্ষকদের হয়ে কাজ করার কম সময় পাবেন।’
হলুদ দলের আহ্বায়ক অধ্যাপক ইমরান হোসেনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।