নির্বাচন প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রশাসনের কাছ থেকে সরিয়ে ভোটারদের হাতে নিয়ে আসতে হবে। নির্বাচনী প্রক্রিয়া প্রশাসনের হাত থেকে বের করে আনতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এমন মত দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আব্দুর রউফ। ‘একটি গ্রহণযোগ্য নির্বাচনই দিতে পারে চলমান সংকটের সমাধান’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ।

সাবেক এই সিইসি বলেন, ‘আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় বলতে পারি, যতদিন পর্যন্ত নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রশাসন থেকে সরিয়ে ভোটারদের কাছে না দেওয়া হবে, ততদিন নির্বাচন সুষ্ঠু হবে না। এ বিষয়ে আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘এখনকার নির্বাচনে ক্ষমতাসীনদের যেমন প্রভাব রয়েছে, অতীতেও এ রকম প্রভাব বিস্তারের নজির রয়েছে। আগে যদি সিল মাইরা ভোট দিত, এখন বাক্স ভাইঙা ভোট দেয়। এখানে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই। তারা নির্বাক থাকে।’

নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেন বিচারপতি আব্দুর রউফ। তিনি বলেন, নির্বাচনে প্রার্থী মনোনয়ন-ব্যবস্থার পরিবর্তন করে দলকে ভোট দেওয়ার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। তা না হলে কালোটাকা ও প্রশাসনের প্রভাবমুক্ত নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।

আইনজীবী ফাতেমা আনোয়ারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, আইনজীবী রুমিন ফারহানা, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।

বক্তারা রাজনৈতিক সংকট উত্তরণে সিটি করপোরেশন নির্বাচনকে একটি পরীক্ষার সঙ্গে তুলনা করে বলেন, সবার জন্য সমান সুযোগ তৈরির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হলে আস্থার পরিবেশ তৈরি হবে।