লন্ডনে মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত রেখে দেশের নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও নিরপেক্ষ করার বিষয়ে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা এডওয়ার্ড স্যামুয়েল মিলিব্যান্ড গতকাল লন্ডনে প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।অলিম্পিক গেমস-২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে এখন যুক্তরাজ্যে রয়েছেন। যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনাকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক জোরদারে দুটি দেশের সংসদ সদস্যদের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা ২০০৯ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন সম্পর্কে বলেন, স্থানীয় ও জাতীয় পর্যায়ে সব নির্বাচন সরকারের হস্তক্ষেপ ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়া, জাতীয় সংসদের কর্মকাণ্ড এবং গণতান্ত্রিক শাসন ও আইনের শাসনসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালীকরণে তাঁর সরকারের অব্যাহত প্রচেষ্টা সম্পর্কে মিলিব্যান্ডকে জানান। এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ও শিক্ষা, তথ্য এবং যোগাযোগপ্রযুক্তি ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গত কয়েক বছরে বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে লেবার পার্টির নেতাকে অবহিত করেন।যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে লেবার পার্টির জনপ্রিয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ব্রিটিশ রাজনীতিতে লেবার পার্টির পুনর্গঠনে মিলিব্যান্ডের নেতৃত্বের প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করেন। বৈঠকে লেবার পার্টি নেতা ডগলাস আলেক্সান্ডার এবং রুশনারা আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন ও লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম সাঈদুর রহমান খান উপস্থিত ছিলেন।