নির্বাচন প্রতিহত করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

নির্বাচন প্রতিহত করা সংবিধান লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেন, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার দুপুরে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে ইমামদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সংগ্রাম কমিটি দিয়ে একতরফা নির্বাচন প্রতিহত করার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি সুস্পষ্টভাবে বলেছি, যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ না করতে চান, এটা তাঁর অধিকার। তিনি এটি না করতে পারেন। তবে নির্বাচনে অন্য কারও অংশগ্রহণের ব্যাপারে যদি কোনো বাধা সৃষ্টি করা হয়, সেটি সংবিধান লঙ্ঘন।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের মনোবৃত্তির ভেতরে কার্যক্রম নিবারণের জন্য নির্বাচন প্রতিহত করার জন্য, দমন করার জন্য আমরা সর্বাত্মক পদক্ষেপ নেব।তবে এক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন হবে না।

ইমামদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িকতার নামে মানুষে মানুষে অনৈক্য ও বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। হিন্দু-বৌদ্ধদের ওপর যারা নির্যাতন করে, তারা ইনসানিয়াত হতে পারে না। ইসলামের নামে যারা ব্যবসা করে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’