নির্বাচন প্রত্যাখ্যান ও ইসির পদত্যাগ চাইবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন প্রত্যাখ্যান করার পাশাপাশি নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবি জানাবে বিএনপি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এ দাবি জানাবে দলটি।
গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। রাত সাড়ে নয়টা থেকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
সূত্র জানায়, বৈঠকে নির্বাচনকে চরম ‘দখলদারি’ ও ‘কারচুপি’র বলে উল্লেখ করা হয়। এ সময় নেতারা সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করেন। নেতারা বলেন, এ সরকার ও ইসির অধীনে কোনো পর্যায়ের নির্বাচনই সুষ্ঠু হবে না।
জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, নির্বাচনের ফলাফল খারাপ, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হবে তা আমরা আগেই জানতাম। এ নির্বাচন প্রত্যাখ্যান করা হবে, কিছু কর্মসূচি দেওয়া হবে।’