প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাশার চেয়ে বেশি সুষ্ঠু হয়েছে। এটি নির্বাচনের ইতিহাসে অনুকরণীয় হয়ে থাকবে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে সিইসি এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহূত হওয়ায় নির্বাচনে ৭৫ শতাংশের বেশি ভোট পড়েছে। নানা আশঙ্কা সত্ত্বেও ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। সিইসি বলেন, ‘ইভিএম নতুন প্রযুক্তি হওয়ায় অনেকেই এর বিরোধিতা করবেন, এটাই স্বাভাবিক। তার পরও সঠিক কাজটি কমিশনকে করে যেতে হবে। অনেকে ইভিএম পদ্ধতির সমালোচনা করেছেন। আমরা এটিকে দোষের মনে করি না। তবে আশা করি, পরবর্তী কমিশন এসে এ পদ্ধতি চালু রাখবে। প্রয়োজনে রাজনৈতিক দলের সঙ্গে তাঁরা আবার আলোচনায় বসবেন। পর্যাক্রমে ইভিএম পদ্ধতিকে এগিয়ে নিতে হবে।’নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, গণতন্ত্রের স্বার্থে সব প্রার্থীকে তা মেনে নেওয়ার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, এ নির্বাচন সম্পর্কে কোনো প্রার্থী বা ব্যক্তির পক্ষে অসত্য অভিযোগ করার সুযোগ নেই। কারণ সব কেন্দ্রে ইসির নিজস্ব ওয়েবক্যাম বসিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়া রেকর্ড করা হয়েছে।